বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও জ্বালানির উৎসের মধ্যে সমন্বয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা ত্রুটিমুক্ত হলেও জ্বালানি সংস্থানের হিসাবে অসংগতি আছে। তাই বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও জ্বালানির উৎসের মধ্যে সমন্বয় নেই। একইভাবে জ্বালানি বহুমুখীকরণের নীতিও যুগোপযোগী, কিন্তু তা কার্যকর হচ্ছে না।
গতকাল শনিবার অনুষ্ঠিত এক সেমিনারের আলোচনায় এ তথ্য উঠে এসেছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) ও ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
বিদ্যমান কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া যাচ্ছে না। গ্রীষ্মে এসব কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সার কারখানা বন্ধ রাখতে হয়। নতুন নয়টি গ্যাসভিত্তিক কেন্দ্রে পেট্রোবাংলা গ্যাস দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। তেলভিত্তিক কেন্দ্র করলে বিদ্যুতের দাম বাড়বে। কয়লাভিত্তিক একটি কেন্দ্রও ২০২০ সালের আগে উৎপাদনে আসবে না।
তাহলে এই সময়ে নতুন চালু হওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি কী হবে? এই প্রেক্ষাপটে আলোচকদের অভিমত, অপেক্ষাকৃত কম দামে বিদ্যুৎ সরবরাহের জন্য কয়লাভিত্তিক কেন্দ্র স্থাপন দ্রুততর করা এবং দেশের কয়লা তোলার ওপর সরকারকে জোর দিতে হবে। আর উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় আরও কিছু বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
সেমিনারের বিদ্যুৎ খাতবিষয়ক বিশেষ অধিবেশনে মূল নিবন্ধ উপস্থাপন করেন ভারতের সাবেক বিদ্যুৎ-সচিব ও বর্তমানে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের জ্বালানি উপদেষ্টা আর ভি শাহী। তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাতের বিশেষ শক্তির দিক হিসেবে জ্বালানি বহুমুখীকরণ, উপ-আঞ্চলিক সহযোগিতা এবং কয়লাভিত্তিক ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়ার কথা উল্লেখ করেন।
ভারত ছাড়াও নেপাল ও ভুটানের সঙ্গে সহযোগিতার কার্যকর ক্ষেত্র প্রস্তুত করার বিষয়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে আর ভি শাহী বলেন, এর ফলে সংশ্লিষ্ট সব কটি দেশই উপকৃত হবে। তিনি এ দেশের বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের অপচয় এবং সঞ্চালন ও বিতরণব্যবস্থা যুগোপযোগী করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, কয়লা আমদানি, পুরোনো বিদ্যুৎকেন্দ্র মেরামত—এগুলো রাতারাতি সম্পন্ন করার মতো কাজ নয়। এর প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু এগুলো হওয়ার আগেও তো অনেক বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সে ক্ষেত্রে সহজলভ্য জ্বালানি ব্যবহার ছাড়া বিকল্প কী। তিনি বলেন, এখনো উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে। ফলে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। পিডিবির উচিত কেনা ও বেচার দামের মধ্যকার ব্যবধান ঘোচাতে অবিলম্বে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব করা। তিনি সেমিনারে উপস্থিত বিদ্যুৎ-সচিব মনোয়ার ইসলামকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন।
পরে জানতে চাইলে বিদ্যুৎ-সচিব প্রথম আলোকে বলেন, এখনই বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না।
সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে হলে দেশের কয়লা তোলার ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। আর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ছড়িয়ে ছিটিয়ে জায়গা নির্ধারণ না করে দুটি অঞ্চল (হাব) বাছাই করা ভালো হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লার উৎস, সরবরাহ ও অর্থায়ন বড় চ্যালেঞ্জ বলেও তিনি মন্তব্য করেন।