বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চারটি বৃহৎ চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে চারটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। বিদ্যুৎ ভবনে স্বাক্ষরিত ওই চুক্তিভুক্ত কেন্দ্রগুলোর মধ্যে তিনটি বেসরকারি খাতের (আইপিপি) ও একটি সরকারি। এগুলোর মোট উৎপাদনক্ষমতা প্রায় এক হাজার ২০০ মেগাওয়াট। দেশে একসঙ্গে এত বেশি নতুন বিদ্যুৎ উৎপাদনের চুক্তি এই প্রথম।অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চারটি চুক্তি স্বাক্ষরকে একটি উল্লেখযোগ্য ঘটনা আখ্যায়িত করে বলেন, এটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হবে। উল্লেখ্য, দেশে বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে চার হাজার ৬০০ মেগাওয়াট।পরিকল্পিত চারটি কেন্দ্রের মধ্যে আইপিপি তিনটি হচ্ছে—গ্যাসভিত্তিক বিবিয়ানা-১ ও ২ এবং দ্বৈত জ্বালানিভিত্তিক মেঘনাঘাট-২। প্রথম দুটির মোট উৎপাদনক্ষমতা হবে প্রায় ৭০০ মেগাওয়াট ও তৃতীয়টির ৩৩৫ মেগাওয়াট। তিনটি কেন্দ্রই স্থাপন করবে দেশের শীর্ষস্থানীয় কোম্পানি সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন। তাদের সঙ্গে আছে মার্কিন কোম্পানি জিই। কেন্দ্র তিনটির নির্মাণ ঠিকাদারি করবে চীন। সরকার ২২ বছর ধরে এই কেন্দ্রগুলোর বিদ্যুৎ কিনবে।গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে এক টাকা ৯০ পয়সা। এই তিনটি কেন্দ্র স্থাপনে মোট প্রায় ৩৭ হাজার কোটি টাকা (প্রায় ৫.২৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ হবে। ২০১৩ সালের মধ্যে এ্রগুলোতে উৎপাদন শুরু হবে বলে সরকারি-বেসরকারি পক্ষগুলোর আশা। সরকারি মালিকানার কেন্দ্রটি নির্মিত হবে নর্থওয়েস্ট জোন পাওয়ার কোম্পানির অধীনে, খুলনায়। ১৫০ মেগাওয়াটের এই কেন্দ্রটি নির্মাণের ঠিকাদারি পেয়েছে স্পেনের কোম্পানি আইসোল্যাক্স।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এই বড় কেন্দ্রগুলোর চূড়ান্ত চুক্তি স্বাক্ষর একটি উল্লেখযোগ্য ঘটনা। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে এলে বিদ্যুতের গড় দাম অনেক কমবে। ফলে সরকার ভর্তুকির পরিমাণ কমাতে পারবে। বিদ্যুতের সরবরাহ পরিস্থিতির বিশেষ উন্নতি হবে এবং কোনো বিদ্যুৎ ঘাটতি থাকবে না।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, চীনের রাষ্ট্রদূত ঝাং জিয়ান ইয়ে, স্পেনের রাষ্ট্রদূত আর্তুরো মানুয়েল পেরেজ, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আইপিপি তিনটির চুক্তিতে সই করেন সরকারের পক্ষে পিডিবির সচিব মো. ইস্কান্দার আলী এবং সামিটের পরিচালক মুহাম্মদ ফয়সাল খান ও জিইর পক্ষে লরেন্স ইব্রাহিম। সরকারি কেন্দ্রটির চুক্তিতে স্বাক্ষর করেন নর্থওয়েস্ট জোন পাওয়ার কোম্পানির সচিব দীপক কুমার ঢালী এবং আইসোল্যাক্সের পক্ষে মি. পেটজি সায়েজ। চুক্তি স্বাক্ষরের পর প্রতিক্রিয়া জানতে চাইলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘দেশের প্রথম কোম্পানি হিসেবে এত বড় কাজ করতে পেরে সামিট গর্বিত। এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশের এবং সামিটের একটি স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু হলো। এর মাধ্যমে আর্থসামাজিক ক্ষেত্রে দেশের সমৃদ্ধি আসবে। দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জিত হবে। সামিট এর সক্রিয় সহায়ক হিসেবে অবশ্যই আনন্দিত, উৎসাহিত।’