বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে গণশুনানির আহ্বান
দেশে যেকোনো ধরনের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে গণশুনানি গ্রহণ করতে হবে। বিদ্যুৎকেন্দ্রের স্থান নির্বাচন, অর্থায়ন, বাণিজ্যিক চুক্তি, ভূমি অধিগ্রহণ এবং সম্পদ—এগুলোও সঠিকভাবে মূল্যায়ন করতে হবে।
‘বাংলাদেশের জ্বালানি কয়লা: পানি ও জলবায়ু পরিবর্তনে প্রভাব’ শীর্ষক এক সম্মেলনে বক্তারা এই মত দিয়েছেন। ওয়াটারকিপারস বাংলাদেশ, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও ওয়াটারকিপারস অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলন গতকাল রোববার শেষ হয়। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল। এতে বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী খুশী কবির, ওয়াটারকিপারস অ্যালায়েন্সের ডোনা লিজেন বাই, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আবদুল মতিন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, বিশ্বে মাথাপিছু কম জ্বালানি শক্তি ব্যবহারকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি উৎপাদনে মনোযোগী। তবে পরিবেশ ও সামাজিক বিবেচনায় সরকারের কিছু প্রকল্প খুবই ক্ষতিকর। এর মধ্যে রামপাল ও ওরিয়ন বিদ্যুৎকেন্দ্র উল্লেখযোগ্য। কয়লানীতি ছাড়াই সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। অচিরেই কয়লানীতি প্রণয়ন করে এবং বিকল্প ও নবায়নযোগ্য শক্তির উৎস বাড়িয়ে কয়লাভিত্তিক ও অন্যান্য ধ্বংসাত্মক প্রকল্পগুলো বন্ধ করতে হবে।
সম্মেলনের সুপারিশে বলা হয়েছে, ইউনেসকো সুন্দরবনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। তাই সুন্দরবন রক্ষায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ বন্ধ এবং সরকারকে দূষণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ ও ইউনেসকোর ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
খুশী কবিরের সভাপতিত্বে ২ মে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। এই অধিবেশনে আরও বক্তব্য দেন অধ্যাপক এম এম আকাশ, আইনুন নিশাত, ফরিদা খান, এম শহীদুল ইসলাম প্রমুখ।