বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ওপর মানুষের চাপ কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবনের ওপর মানুষের চাপ কমবে বলে মত দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। তারা বলেছে, বিদ্যুৎকেন্দ্র হলে জীবিকার তাগিদে মানুষকে সুন্দরবনে যেতে হবে না। রামপালেই প্রচুর কাজের সুযোগ তৈরি হবে।
সুন্দরবন-সংলগ্ন রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা ঘুরে এসে গতকাল বুধবার এই মত দিয়েছে সংসদীয় কমিটি। সংসদীয় কমিটি ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রকল্প এলাকা পরিদর্শন করে। গতকাল সংসদ ভবনে সংবাদ সম্মেলন করে কমিটি তাদের মত তুলে ধরে।
রামপালে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। কিন্তু তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ পরিবেশবাদীদের অনেকে দাবি করে আসছে, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের পরিবেশের ক্ষতি হবে।
এ নিয়ে তারা কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
গতকাল সংবাদ সম্মেলনে সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম বলেন, সুন্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ মধু সংগ্রহ, কাঠ কাটতে ও শিকার করতে যায়। এ জন্য তাদের বাঘ ও কুমিরের আক্রমণ মোকাবিলা করতে হয়। এতে অনেকের প্রাণহানিও ঘটে। কিন্তু রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনে মানুষের প্রবেশ কমে যাবে। সুন্দরবনের বনায়ন বাড়বে। কারণ রামপালকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় কমপক্ষে ৫০ হাজার মানুষের প্রত্যক্ষ-পরোক্ষ জীবিকার সংস্থান হবে।
তাজুল ইসলাম আরও বলেন, ‘প্রকল্প এলাকা থেকে সুন্দরবন ১৪ কিলোমিটার দূরে। বাস্তবে তা ১৮-২০ কিলোমিটার হবে। যেখানে প্রকল্পটি হচ্ছে সেখানে কোনো বসতি নেই। আবাদি জমি অধিগ্রহণ করা লাগবে না। তাই জায়গাটি বিদ্যুৎ প্রকল্পের জন্য উপযুক্ত। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জেনেছি, বর্তমানে পশুর নদী দিয়ে ১০০টি জাহাজ আসা-যাওয়া করে। বিদ্যুৎকেন্দ্র হলে ২-১টি হয়তো বাড়বে। এতে কি খুব বেশি ক্ষতি হবে?’
প্রকল্পের বিরোধিতাকারীদের সম্পর্কে কমিটির সভাপতি বলেন, ‘যাঁরা এটা নিয়ে বিরোধিতা করছেন, তাঁরা দেশের ভালো চেয়েই বলছেন। কিন্তু তাঁদের ধারণা স্পষ্ট নয়। তাঁরা পরিবেশের ক্ষতির আশঙ্কা করছেন। কিন্তু আমরা যেটা জেনেছি, ঢাকার বাতাসে বর্তমানে যে পরিমাণ সালফার ডাই অক্সাইড আছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে তার চেয়ে কম সালফার ডাই অক্সাইড নির্গত হবে। কারণ কেন্দ্রের চিমনির উচ্চতা হবে ৯০০ ফুট।’
রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের বন্য প্রাণীর ক্ষতি হবে না দাবি করে তাজুল ইসলাম বলেন, ‘আগে শুনতাম সুন্দরবনে ৬০০ বাঘ আছে। এখন বলা হয় ১০৬টি। এখন তো বিদ্যুৎকেন্দ্রও নেই। তাহলে বাঘ কমল কীভাবে?’