বিদ্যুৎকেন্দ্রে গ্যাস দিতে আজ মধ্যরাত থেকে পাঁচ সার করাখানা বন্ধ
বিদ্যুৎ উত্পাদন বাড়াতে অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য আজ শুক্রবার মধ্যরাত থেকে পাঁচটি সার কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ কথা জানায়।ওই কর্মকর্তা বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার কারখানাগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছে। কারখানাগুলো বন্ধ করার জন্য প্রায় ৭২ ঘণ্টা দরকার। তবে শুক্রবার মধ্যরাত থেকেই কারখানাগুলো বন্ধ থাকবে। বোরো মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সার কারখানাগুলোয় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সার কারখানাগুলো বন্ধ থাকার ফলে অতিরিক্ত যে গ্যাস সাশ্রয় হবে, তা বিদ্যুৎকেন্দ্রগুলোয় সরবরাহ করে ৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উত্পাদন সম্ভব হবে। এতে দেশে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা।গত ২৯ মার্চ সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারকেরা কর্ণফুলী (কাফকো), পলাশ ও ঘোড়াশাল সার কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এখন ওই তালিকায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএফ) ও যমুনা সার কারখানাও যুক্ত হবে।