বিদ্যুৎকেন্দ্রে গ্যাস দিতে এবারও বন্ধ থাকবে সার কারখানা
চলতি বোরো মৌসুমে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে দরকার হলে সার কারখানা বন্ধ রাখা হবে। গতকাল বুধবার সেচ মৌসুমে বাড়তি বিদ্যুতের চাহিদা মেটানোর বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভার সূত্র জানায়, দেশে বর্তমানে সাতটি সার কারখানায় দৈনিক প্রায় ২৯ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ২০ কোটি ঘনফুটের মতো। এর মধ্যে কর্ণফুলী সার কারখানা বর্তমানে বন্ধ রয়েছে। আর বিদ্যুৎকেন্দ্রগুলোতে দৈনিক প্রায় ১১০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ করা হয় ৭০-৭৫ কোটি ঘনফুট।সভায় বলা হয়, এবার সেচের জন্য নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন পড়েছে ৩১ হাজার ৮২টি। এর মধ্যে সাত হাজার ৮৭৬টি সংযোগ দেওয়া হয়েছে। যে অঞ্চলে বাড়তি বিদ্যুৎ সরবরাহের কারিগরি সমস্যা নেই, সেখানে সেচের জন্য নতুন সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় বিদ্যুতের জন্য জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে পিডিবি, বিপিসি এবং পেট্রোবাংলা যাতে সমন্বিত উদ্যোগ নেয়, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ, জ্বালানিসচিব মেজবাহউদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পিডিবির হিসাবে, এবার সেচে সর্বোচ্চ লোডশেডিং হবে এক হাজার ২০০ মেগাওয়াট। তবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ধারণা, বিদ্যুৎ ঘাটতির পরিমাণ দুই হাজার মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে।চলতি মাসে বিদ্যুতের চাহিদা রয়েছে গড়ে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট। আগামী এপ্রিলে চাহিদা হবে সাত হাজার ১৫৭ মেগাওয়াট। ফেব্রুয়ারি ও মার্চে বিদ্যুতের চাহিদা থাকবে যথাক্রমে ছয় হাজার ৪২৮ ও ছয় হাজার ৯৫৮ মেগাওয়াট। এখন উৎপাদিত হচ্ছে প্রায় পাঁচ হাজার মেগাওয়াট।