বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ না বাড়ায় লোডশেডিং বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচ ও গ্রীষ্মকালীন চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঢাকাসহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। রাজধানীতে এখন এলাকাভেদে পাঁচ-ছয়বার এবং গ্রামাঞ্চলে আরও বেশি লোডশেডিং হচ্ছে। সরকারি সূত্র বলছে, সেচ ও গ্রীষ্মকালীন চাহিদা মোকাবিলায় সার কারখানা বন্ধ করে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত গত এক সপ্তাহেও পুরোপুরি কার্যকর হয়নি। ফলে চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ঘাটতি বেড়েছে। তাই বেড়েছে লোডশেডিংও। অবশ্য চাহিদা ও উৎপাদনের যে হিসাব বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) দিচ্ছে, তাতে ঘাটতি নেই বললেই চলে। পিডিবির হিসাবে গতকাল রোববার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ছয় হাজার ২৫০ মেগাওয়াট। আর সর্বোচ্চ উৎপাদনের লক্ষ নির্ধারণ করা হয়েছিল ছয় হাজার ১৫৪ মেগাওয়াট। কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। গতকাল ঢাকার মিরপুরের বিভিন্ন এলাকা, মোহাম্মদপুরের শেখেরটেকসহ বিভিন্ন এলাকা, বাসাবো, রামপুরা ইত্যাদি স্থান থেকে দিনের বেলায় তিন-চারবার এবং রাতে দুবার লোডশেডিংয়ের খবর জানিয়েছেন এলাকাবাসী। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) পরিচালক (অপারেশন) মিজানুর রহমান জানান, রাজধানীর বেশ কিছু এলাকার বিতরণ লাইন ও ট্রান্সফরমার ওভারলোডেড (সরবরাহ ক্ষমতার চেয়ে অতিরিক্ত চাহিদার চাপ)। গরমের কারণে চাহিদা আরও বাড়তে থাকায় ওই সব এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও বেড়েছে। ঢাকার বাইরে সিরাজগঞ্জ, নওগাঁ ও ঠাকুরগাঁও থেকে পাঁচ থেকে আট ঘণ্টা লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। তবে এসব এলাকায় সেচের সময় (রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত) চাহিদার শতকরা প্রায় ৮০ ভাগ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে লোডশেডিংয়ে সেচ তেমন ব্যাহত হওয়ার ঘটনা ওই এলাকাগুলোতে নেই।সরকারের পূর্বাভাস অনুযায়ী, চলতি এপ্রিল মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে সাত হাজার ৮৭৪ মেগাওয়াট। তাই উৎপাদন বাড়িয়ে ঘাটতি এক হাজার মেগাওয়াটের মধ্যে রাখার লক্ষ্যে গত ৩১ মার্চ সার কারখানা বন্ধ করে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গতকাল পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের কর্ণফুলী সার কারখানা (কাফকো) এবং চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি (সিইউএফএল) ছাড়া আর কোনো কারখানা বন্ধ করা হয়নি। সেচ ও গ্রীষ্ম মৌসুমে পিডিবি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ১১৫ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার কথা জানিয়েছিল। পেট্রোবাংলা এখন সরবরাহ করছে ৯৫ কোটি ঘনফুটের মতো। সার কারখানাগুলো বন্ধ করা হলে পিডিবির চাহিদার কাছাকাছি পরিমাণ গ্যাস বিদ্যুৎকেন্দ্রের জন্য সরবরাহ করা যেত। কাফকো ও সিইউএফএল বন্ধ করায় চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুতের উৎপাদন বেড়েছে। তবে ঘোড়াশাল, আশুগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং সিরাজগঞ্জের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ তেমন বাড়ানো যায়নি। তা ছাড়া গ্যাসস্বল্পতার কারণে এখনো কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য গ্যাসের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগও সরকারের আছে।