ঢাকার পার্শ্ববর্তী তুরাগ নদ নাব্যতা হারানোয় গাজীপুরের কড্ডায় চলমান দুটি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি পরিবহন ঝুঁকির মুখে পড়েছে। এ ছাড়া সেখানে নির্মাণাধীন আরেকটি নতুন বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি পরিবহনও বিঘ্নিত হচ্ছে।
অথচ এই ঝুঁকি ও বিঘ্ন এড়াতেই পানি উন্নয়ন বোর্ড ২০১৪ সাল থেকে তুরাগ খননের কাজ চালাচ্ছে। কিন্তু একটিমাত্র খননযন্ত্র (ড্রেজার) দিয়ে তিন বছর ধরে চালানো এই খননকাজে প্রয়োজনীয় ফল পাওয়া যায়নি।
কড্ডায় চলমান বিদ্যুৎকেন্দ্র দুটির মধ্যে ৫০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির মালিক পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অঙ্গ প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। জানতে চাইলে এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সবুর প্রথম আলোকে বলেন, বছরে চার মাস তুরাগ দিয়ে জ্বালানি তেল আনতে সমস্যা হয়। তাই তাঁরা প্রতিটি ২৮ ও ৪৫ মেট্রিক টন ধারণক্ষমতার তেল পরিবাহী ট্রাকবহর তৈরি করে নিয়েছেন। চার মাস এই বহরের সাহায্যেই তেল পরিবহন করে বিদ্যুৎকেন্দ্র চালাতে বাধ্য হচ্ছেন তাঁরা।
কড্ডার ১৫০ মেগাওয়াট ক্ষমতার অন্য কেন্দ্রটির যৌথ মালিকানা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং আরপিসিএলের। পিডিবির সূত্র জানায়, শুকনা মৌসুমে নৌপথে জ্বালানি পরিবহন করা যায় না। কিন্তু এই সময় সেচ মৌসুম শুরু হওয়ায় বিদ্যুৎকেন্দ্র চালাতে হয় দিন-রাত সর্বোচ্চ ক্ষমতায়। ফলে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা খুব জরুরি। সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তুরাগের অনেক স্থানে এখন দেশি নৌকা চলাচলেও সমস্যা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট সূত্র জানায়, তুরাগের আশুলিয়া সেতু থেকে কড্ডা সেতু পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার অংশে এখন সর্বোচ্চ ৫ ফুট পানি আছে। ফলে ওই এলাকায় নির্মাণাধীন অনেকগুলো শিল্পপ্রতিষ্ঠানের মালামাল পরিবহন যে বাধাগ্রস্ত হচ্ছে, সে বিষয়টি তাঁরা জানেন। তবে একটি ড্রেজার দিয়ে প্রয়োজনীয় খননকাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব নয়। বর্তমান পাউবোর একমাত্র যে ড্রেজারটি আশুলিয়া সেতুর কাছে খননকাজ চালাচ্ছে তার একজন কর্মকর্তা বলেন, তুরাগের তলদেশের মাটি এঁটেল ও শক্ত। খননকাজ কঠিন হয়ে পড়েছে। পাউবো সেখানে আরও নতুন ড্রেজার কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে।