বিদ্যুৎকেন্দ্রের তেলের ট্যাংকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার তালতলায় কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেডের ১০৫ মেগাওয়াট ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের (কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট) জ্বালানি তেলের ট্যাংকে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে মারাত্মক দগ্ধ হয়েছেন তিনজন। গত শুক্রবার সন্ধ্যার একটু আগে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফার্নেস তেলের ট্যাংকের পাশে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত তেলের ট্যাংকে আগুন ধরে যায়। ফায়ার ব্রিগেডের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশের কোনো ক্ষতি হয়নি এবং কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফায়ার ব্রিগেড ও বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার কিছুক্ষণ আগে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকেরা ফার্নেস ওয়েলের ট্যাংকের পাশে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ট্যাংকে আগুন ধরে যায়। দ্রুত নওয়াপাড়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কর্মরত শ্রমিক সুমন (৩০), আলমগীর হোসেন (২৮) ও লাভলু (৩০) অগ্নিদগ্ধ হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সার্জিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আবদুর রউফ বলেন, ‘ফার্নেস ওয়েলের ট্যাংকির পাশে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে ট্যাংকিতে আগুন ধরে যায়। আমরা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুনে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন।’১০৫ মেগাওয়াট কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেডের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয়। আগুনে পাওয়ার প্লান্টের মেশিনারিজের কোনো ক্ষতি হয়নি। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।’