বিদ্যুৎকেন্দ্রের দুই ট্রাক তার রাজবাড়ীতে আটক
ফরিদপুরের ধুলদি রেলগেট এলাকায় ‘এ্যানার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের দুই ট্রাক বিদ্যুতের তার আটক করা হয়েছে। রাজবাড়ী ও গোয়ালন্দ ঘাট থানার পুলিশ এসব তার আটক করে।এ ঘটনায় ট্রাকচালক জয়নাল আবেদীন, নজরুল ইসলাম ও ট্রাকচালকের সহকারী সেলিমকে আটক করা হয়েছে। থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধুলদি রেলগেট এলাকার ওই বিদ্যুৎকেন্দ্রের ভান্ডার থেকে বিভিন্ন ধরনের ৩০ হাজার মিটার তার সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুটি ট্রাকে করে (ঢাকা মেট্রো-ট-১৪-৯৬৩৫) ও (ঢাকা মেট্রো-ট-১৬-৪০৪৩) গাজীপুরের ভোগড়া এলাকায় নেওয়া হচ্ছিল। সোমবার রাত দেড়টার দিকে একটি ট্রাক রাজবাড়ী থানার পুলিশ গোয়ালন্দ মোড় এবং অন্য ট্রাকটি গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দৌলতদিয়া ঘাট থেকে আটক করে সংশ্লিষ্ট থানায় নিয়ে যায়। বিদ্যুৎকেন্দ্রের ভান্ডারের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন বলেন, ‘এ কেন্দ্রের কাজ প্রায় শেষপর্যায়ে। বাকি সরঞ্জামাদি আমাদের কোম্পানির গাজীপুরের কার্যালয়ে পাঠাতে হবে। আগামী দুই দিন হরতাল, পাশাপাশি স্টেশনে পিডিবির একজন নির্বাহী প্রকৌশলী থাকলেও অসুস্থতার কারণে তিনি কেন্দ্রে না থাকায় সোমবার রাতেই মালামাল গাজীপুরের উদ্দেশে পাঠানো হয়।’ আটক ট্রাকের মালামালের চালানে সাত ধরনের ১৯ ড্রামে তারের কথা উল্লেখ থাকলেও ট্রাক দুটির চালকেরা বলেন, দুই ট্রাকে মোট ১৫ ড্রাম তার রয়েছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জব্দ করা তারের মূল্য কোটি টাকার বেশি। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘পিডিবির কোনো ছাড়পত্র ছাড়াই এত মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়ে যাওয়ায় আমরা আটক করেছি। প্রয়োজনীয় কাগজপত্র আনলেই তা ছেড়ে দেওয়া হবে।’ তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত থানায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কেউ আসেননি। এ ব্যাপারে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ, রাজবাড়ী নির্বাহী প্রকৌশলী (আবাসিক) গোলাম কিবরিয়া বলেন, ‘যত দূর জানি, বিদ্যুৎকেন্দ্রে পিডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন। তাঁর প্রত্যয়নপত্র নিয়েই সরঞ্জামাদি বিভিন্ন স্থানে আনা-নেওয়া করা হয়।’