বিদ্যুৎকেন্দ্রের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামের দোহাজারী এলাকায় স্থাপিত ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছে দোহাজারী নাগরিক কমিটি। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দোহাজারী ও আশপাশের লোকজন মানববন্ধন করেন। তাঁরা অবিলম্বে আগের নাম পুনর্বহালের দাবি করে বলেন, অন্যথায় দক্ষিণ চট্টগ্রাম অচল করে দেওয়া হবে। জানা যায়, প্রায় দুই মাস আগে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টকে ‘সাঙ্গু ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র’ নামকরণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। ২৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কেন্দ্র উদ্বোধন করবেন। ফার্নেস তেল দিয়ে এই কেন্দ্রটি চালানো হবে। ইতিমধ্যে এই কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্য মফিজুর রহমান, চিকিৎসক মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা জাফর আলী, দোহাজারী আওয়ামী লীগের সভাপতি আবদুর শুক্কুর, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ প্রমুখ। বক্তারা বলেন, দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট নামে বিদ্যুৎকেন্দ্রটির কাজ শুরু হয়েছিল। কিন্তু পরে সরকারের ভাবমূর্তি নষ্ট এবং এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে নাম পরিবর্তন করার ষড়যন্ত্র করছে একটি মহল।