বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুেকন্দ্রের জন্য আনা যন্ত্রপাতি সংস্থাপন করতে না পারায় এভাবে ঢেকে রাখা হয়েছে ষ ছবি: প্রথম আলো
বিদ্যুেকন্দ্রের জন্য আনা যন্ত্রপাতি সংস্থাপন করতে না পারায় এভাবে ঢেকে রাখা হয়েছে ষ ছবি: প্রথম আলো

চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁওয়ে ১০৮ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে কয়েকজনের বাধায়। ওই বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের অভিযোগ, কথামতো ভুয়া দলিলের মাধ্যমে জমি না কেনায় এবং উপঠিকাদারি না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন ওই ব্যক্তি।

অভিযোগ ওঠা ব্যক্তি আবু তাহের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য। অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, তাঁদের জমি দখল করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। জমির বিষয়টি ফয়সালা না হওয়া পর্যন্ত নির্মাণকাজ চলতে দেওয়া হবে না।

কোলগাঁওয়ে সাড়ে ছয় একর জায়গায় এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচার চট্টগ্রাম লিমিটেড। প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে ফার্নেস তেলভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় গত বছরের অক্টোবরে। আগামী অক্টোবরে এ কেন্দ্রের ১০৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। কেন্দ্রটি থেকে ১৫ বছর জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিদেশ থেকে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি এসেছে। ১৭ জুন মূল যন্ত্রপাতি সংস্থাপনের কাজ শুরুর সময় আবু তাহেরের নেতৃত্বে ২৫-৩০ জন যুবক এসে কাজ বন্ধ রাখতে বলেন। তাঁদের হুমকিতে এর পর থেকে যন্ত্রপাতি সংস্থাপন বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় যুবকদের উৎপাতের কারণে এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচারের পক্ষে গত ২৬ মার্চ পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর তাঁদের উৎপাত কমে গিয়েছিল। জমি কিনতে চাপ দেওয়ার বিষয়ে এনার্জিপ্যাক হাইকোর্টে রিট করলে আদালত বিদ্যুৎকেন্দ্রের কাজ নির্বিঘ্ন করার আদেশ দেন।

এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচারের হেড অব অপারেশনস এ এম মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের কাজ শুরুর পর থেকে স্থানীয় কিছু যুবক উপঠিকাদারি কাজ এবং ভুয়া দলিলের মাধ্যমে জমি কেনার জন্য আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। আমরা অন্যায় আবদারে রাজি না হওয়ায় আবু তাহের ও নিজামউদ্দিনের নেতৃত্বে ২৫-৩০ জন যুবক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করে দেন। এর পর থেকে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। প্রকৌশলী ও শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

এ এম মঈন উদ্দিন বলেন, নির্মাণকাজ বন্ধ থাকায় অক্টোবরের মধ্যে উৎপাদনে যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। আর নির্দিষ্ট সময়ে উৎপাদনে যেতে না পারলে শর্তভঙ্গের কারণে প্রতিষ্ঠানকে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হবে। অভিযোগ প্রসঙ্গে আবু তাহের বলেন, ‘উপঠিকাদারির কাজ চাইনি। বিদ্যুৎকেন্দ্রে আমার দেড় কানি (৬০ শতক) এবং স্থানীয় মাদ্রাসার ৭০ শতক জায়গা রয়েছে। আমি জায়গা অথবা জায়গার দাম চাই। এর ফয়সালা না হওয়া পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ থাকবে।’

কোলাগাঁওয়ের বাসিন্দা ও যুবলীগের কর্মী আবদুল মান্নান বলেন, ‘নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র এলাকায় তাহেরের পৈতৃক কোনো জায়গা নেই। তবে মাস দুয়েক আগে তিনি এক মহিলার সঙ্গে এক কানি জমির বায়না করেন বলে শুনেছি। বায়না করা ওই জমির মালিকানা দাবি করছেন তাহের।’

স্থানীয় প্রবীণ নুর হোসেন বলেন, ‘আমাদের অনেক জমি বিদ্যুৎকেন্দ্রের কাছে বিক্রি করেছি। তবে সেখানে তাহেরের জায়গা আছে বলে আগে শুনিনি। দেড়-দুই মাস আগে থেকে তাহের জায়গার মালিকানা দাবি করছেন।’ তাহেরের দাবি নাকচ করে কোলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল ইসলাম বলেন, ‘মাদ্রাসার জমি দখল হয়নি। চাঁদার জন্য আসলে তাহেররা উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছে।’

বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ থাকা প্রসঙ্গে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা অবগত। কয়েক মাস আগে একই কারণে জিডি হলে ফয়সালার ভার স্থানীয় জনপ্রতিনিধির ওপর ছেড়ে দিয়েছিলাম। এরপর হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজে বাধা না দেওয়ার আদেশ হয়। আমরা হাইকোর্টের আদেশের ভিত্তিতে ব্যবস্থা নেব।’