চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নবনির্মিত বিদ্যুৎকেন্দ্র থেকে জ্বালানি তেলের বর্জ্য পড়ে দূষিত হয়ে পড়েছে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পানি। ওই বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন এক লাখ লিটার ফার্নেস তেল ব্যবহার করা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে এই তথ্য জানা গেছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, গত ৮ এপ্রিল হালদা নদীতে মা-মাছ ডিম ছেড়েছে। এখন মাছগুলো খুবই দুর্বল অবস্থায় নদীতে রয়েছে। এখন নদীর পানি দূষিত হলে মাছগুলো মারা যেতে পারে কিংবা নদী ছেড়ে চলে যেতে পারে। অতীতে কখনো হালদার পানি এভাবে দূষিত হয়নি বলে তিনি দাবি করেন। এদিকে হাটহাজারী উপজেলার গরদুয়ারার পোনা ব্যবসায়ী কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা হালদা নদী থেকে সংগ্রহ করা ডিম নদীর পাড়েই ছোট ছোট কুয়াতে ফুটিয়ে পোনা তৈরি করেন। বুধবার রাতে নিয়ম অনুযায়ী পানি পরিষ্কার করেন। কিন্তু নদীর তেল মেশানো পানি কুয়ায় দেওয়ার পর তাঁর অন্তত আড়াই লাখ টাকার রেণুপোনা মরে গেছে। সরেজমিন এলাকায় ঘুরে জানা যায়, গত বুধবার দুপুর থেকে নদীতে দূষিত পোড়া তেল ভাসছে। সারা নদীতে ভাসছে ছোপ ছোপ তেল। নদীর বিভিন্ন স্থানে মা-মাছের দৌড়াদৌড়ি চোখে পড়ে। নদীপাড়ের লোকজন জানান, তিন দিন ধরে নদীতে ব্যাপক তেল ভাসতে দেখে তাঁরা তেলের উৎস খোঁজার চেষ্টা করেন। পরে তাঁরা জানতে পারেন, হাটহাজারী সদরে প্রতিষ্ঠিত বিদ্যুৎকেন্দ্র থেকে এই তেল আসছে। উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের চেংখালী খালের স্লুইচগেট দিয়ে নদীতে তেল এসে পড়ছে। অনবরত তেল আসার কারণে খালের কচুরিপানা মরে গেছে। সেগুলো তেলে মিশে কালো রং ধারণ করেছে। এখান থেকে বিদ্যুৎকেন্দ্রের দূরুত্ব প্রায় তিন কিলোমিটার।চেংখালী খালপাড়ের বাসিন্দা মৎস্যজীবী বদিউল আলম বলেন, নদীর পানিতে তেল এসে পড়ায় স্থানীয় মৎস্যজীবীরা উৎকণ্ঠায় পড়েছেন। মোহাম্মদ হান্নান নামের অপর এক ব্যক্তি বলেছেন, নদীতে তেল ভেসে আসার পর থেকে ছোট ছোট জলজ প্রাণী মরতে দেখা যাচ্ছে। পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ।হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম দাবি করেন, রেলওয়ের ওয়াগন থেকে বিদ্যুৎকেন্দ্রে রাতের অন্ধকারে তেল খালাসের সময় বাইরে কিছু তেল পড়ে। তা বৃষ্টিতে খালের পানির সঙ্গে মিশে নদীতে পড়েছে। ভবিষ্যতে যাতে তেলের বর্জ্য বাইরে না যায়, সে ব্যবস্থা নিশ্চিত করেছি। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে আর নদীতে তেলের বর্জ্য পড়বে না বলে তাঁরা নিশ্চিত করেছেন।’