বিদ্যুৎকেন্দ্রের শব্দে অতিষ্ঠ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌর শহরে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উচ্চমাত্রার শব্দে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাঁরা দ্রুত কেন্দ্রটির শব্দনিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
বিদ্যুৎকেন্দ্রটির নাম ‘পাওয়ার প্যাক ১০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট জামালপুর’। এলাকার কয়েকজন বলেন, বিদ্যুৎকেন্দ্রটির কারণে শাহপুর, বন্দেরবাড়ি, বিলপাড়া, নাঙ্গলজোড়া, ডাকপাড়া ও মুকুন্দবাড়ী এলাকার মানুষ শব্দদূষণের কবলে পড়েছে। এসব এলাকায় লক্ষাধিক মানুষের বসবাস। দিনের বেলায় কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর শব্দের তীব্রতা অনেক বেড়ে যায়।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, ২০১৩ সালের ১০ অক্টোবরে শাহপুর এলাকায় ৭ একর জমিতে পাওয়ার প্যাক ১০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট জামালপুর নামে কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে ১৫ বছরের চুক্তির ভিত্তিতে সিকদার গ্রুপের ‘পাওয়ার প্যাক মুতিয়ারা’ নামের একটি কোম্পানি কেন্দ্রটি নির্মাণ করে। গত বছরের ২৯ নভেম্বর বাণিজ্যিক ভিত্তিতে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। স্থানীয় চাহিদা পূরণ করে এখানে উৎপাদিত বিদ্যুৎ শেরপুর ও ময়মনসিংহে সরবরাহ করা হচ্ছে।
বন্দেরবাড়ি এলাকার বাসিন্দা ও কলেজশিক্ষক মো. সুরুজ্জামান বলেন, ‘ছয়টি এলাকার বাসিন্দারা এখন ওই কেন্দ্রের নিরবচ্ছিন্ন তীব্র শব্দের যন্ত্রণায় অতিষ্ঠ। আমাদের ঘুম হারাম হয়ে গেছে। শব্দনিয়ন্ত্রণের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। প্রযুক্তি এখন অনেক উন্নত। শব্দনিয়ন্ত্রণ খুব কঠিন ও ব্যয়বহুল নয় নিঃসন্দেহে। শুধু উদ্যোগের অভাব।’
গত ২১ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে শাহপুর এলাকায় গিয়ে তীব্র শব্দ শোনা যায়। তখন খুব কাছের কারও কথাও সহজে শোনা যায়নি। লোকজনকে চিৎকার করে কথা বলতে শোনা যায়। শাহপুর মোড়ে অবস্থিত দোকানপাটে লোকজন চিৎকার করে বেচাকেনা করছিলেন। ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে গিয়ে ওই রাতের চেয়ে শব্দ কিছুটা কম শোনা যায়।
শাহপুর মোড়ের দোকানি মুক্তার হোসেন বলেন, ‘শব্দের কারণে মাথাব্যথা ও ঝিমঝিম করে। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি। বিদ্যুৎকেন্দ্রের অনেক লোককে বলা হয়েছে শব্দনিয়ন্ত্রণে রাখতে। কিন্তু তাঁরা উদ্যোগ নিচ্ছেন না।’
বিলপাড়া এলাকার আসমা খাতুন বলেন, ‘শব্দের তীব্রতা এতই বেশি যে ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই মেলে না। ছেলেদের পড়াশোনা হচ্ছে না।’
জামালপুর পরিবেশ আন্দোলন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির আশপাশের ২-৩ কিলোমিটারের মধ্যেও তীব্র শব্দ শোনা যায়। সম্প্রতি পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষ, কৃষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাঁরা এখন চরম ক্ষুব্ধ। তাই আধুনিক পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিতে শব্দ নিয়ন্ত্রণ করা জরুরি। এ বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত উৎপাদন কেন্দ্রটির শব্দ নিয়ন্ত্রণ করা না হলে সামাজিক আন্দোলনের উদ্যোগ নেওয়া হবে।’
পাওয়ার প্যাক মুতিয়ারা কোম্পানির জামালপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপব্যবস্থাপক (মেকানিক্যাল) সোহেল রানা বলেন, ‘সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই এই কেন্দ্র নির্মাণ করা হয়েছে। উৎপাদন কেন্দ্রের ভেতরে ১০৫ ডেসিবল শব্দ রয়েছে। বাইরে শব্দের তীব্রতা আমাদের জানা নেই। আধুনিক পদ্ধতিতে ইঞ্জিনকক্ষে ফায়ার ও শব্দনিয়ন্ত্রণে ডাবল ইনস্যুলেটেড ফিটিং রয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, তীব্র শব্দের ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মৌখিকভাব আলোচনা হয়েছে। তাঁদের লিখিতভাবে জানানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইউসুফ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শব্দের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অবশ্যই ওই এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও তাতে কিছু শর্ত উল্লেখ করা আছে। শর্ত অনুযায়ী শব্দের মাত্রা নিয়ন্ত্রণ ও পরিবেশসংক্রান্ত বিধি মেনে এটি চালাতে হবে।