বিদ্যুৎবিভ্রাটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ এই আছে, এই নেই। আসে আর যায়। রমজানের শুরু থেকে প্রতিদিনই দিন ও রাতে কমপক্ষে ২০ বার করে বিদ্যুৎ যাওয়া-আসা করছে। এতে রংপুর নগরে বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর আওতায় গ্রাহকেরা চরম বিড়ম্বনায় পড়েছেন। পুরোনো ট্রান্সফরমারের কারণে বিভ্রাট ঘটছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিদ্যুৎ বিভাগ রংপুর কার্যালয় থেকে জানা যায়, বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর আওতাধীন নগরের লালবাগ এলাকায় অবস্থিত দুটি ট্রান্সফরমারের ধারণক্ষমতা ২০ মেগাওয়াট। পুরোনো হওয়ায় মাঝেমধ্যে নষ্ট হয়ে যায়। তা মেরামত করতে হয় প্রায় সময়। এদিকে বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণ না হওয়ায় তা মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ছে। এ কারণে লোকজনকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়।
বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর আওতাধীন এলাকার মধ্যে উল্লেখযোগ্য এলাকা হলো: নগরের প্রেসক্লাব, সুপার মার্কেট, অধিকাংশ বিপণিবিতান গুপ্তপাড়া, কামালকাছনা, শালবন, শালবন মিস্ত্রিপাড়া, জুম্মাপাড়া, বেতপট্টি, শাপলা, ঠিকাদারপাড়া, বৈরাগীপাড়া, রেলওয়ে স্টেশন, রবার্টসনগঞ্জ, আলমনগর, কলেজপাড়া, মডার্ন মোড়, পার্কের মোড়, আশরতপুর, চকবাজার, নূরপুর, আদর্শপাড়া, মাহিগঞ্জ, সাতমাথা এলাকাসহ ২০টি পাড়ামহল্লা।
এলাকাবাসীর অভিযোগ, রমজান মাসের শুরু থেকে প্রায় দিনই দফায় দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে। গতকাল সোমবার বেলা একটা থেকে একটানা দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এর বাইরে গতকাল সকাল থেকে ১০ বার বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটেছে।
রবার্টসনগঞ্জ এলাকার তোহাম্মেল হোসেন জানান, এই রোজার মাসে মঝেমধ্যেই সময় বিদ্যুৎ থাকছে না। এমনকি তারাবির নামাজ ও ইফতারির সময়ও বিদ্যুৎ সরবরাহ নেই।
কামালকাছনা এলাকার গৃহিণী হোসনে আরা বলেন, এই গরমে এমনিতে জীবন অতিষ্ঠ। তার ওপর বিদ্যুতের যাওয়া-আসা। কষ্টের যেন শেষ নেই।
রংপুর মহানগরে বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ ও ২-এ বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ মিললেও ট্রান্সফরমারের ত্রুটির কারণে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটছে বলে বিদ্যুৎ কার্যালয় জানিয়েছে।
রংপুর বিদ্যুৎ বিতরণ-১-এর নির্বাহী প্রকৌশলী জেড এম গোলাম মাহবুব বলেন, ‘বিদ্যুৎ বিতরণ-১-এর বিদ্যুৎ চাহিদা ১৮ থেকে ২০ মেগাওয়াট। চাহিদা আনুযায়ী বিদ্যুৎ মিললেও ট্রান্সফরমারের ত্রুটির কারণে এ সমস্যা হচ্ছে। আশা করি, এ সমস্যা থাকবে না। শিগগিরই ঠিক হয়ে যাবে।’