বিদ্যুৎবিভ্রাটের তদন্ত প্রতিবেদন আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগ কেল্লায় ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাটের ঘটনা তদন্তে গঠিত কমিটি কাল সোমবার প্রতিবেদন দিতে পারে। গত শুক্রবার সন্ধ্যায় ওই বিভ্রাটের পর রাতেই ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) পরিচালক (প্রকৌশল) এস এম মনজুর-উল এহসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। গতকাল শনিবার বিকেলে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘কমিটি গঠনের পরই আমরা কাজ শুরু করেছি। চেষ্টা করছি আগামীকাল (আজ রোববার) প্রতিবেদন দাখিল করতে।
ঘটনা সম্পর্কে জানা গেছে, লালবাগ কেল্লা এলাকার সংশ্লিষ্ট উপকেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ পায় নারিন্দা উপকেন্দ্র থেকে। শুক্রবার বিকেলে নারিন্দা উপকেন্দ্রের একটি ফিডারে (সরবরাহ লাইন) ত্রুটি দেখা দিলে লাইনটি বন্ধ করে ত্রুটি খোঁজা হয়। কিন্তু পাওয়া যাচ্ছিল না। ইতিমধ্যে প্রায় দুই ঘণ্টা সময় চলে যাওয়ায় ওই বন্ধ ফিডারের অন্তর্ভুক্ত গ্রাহকেরা বিদ্যুৎ কার্যালয়ে ফোন করতে থাকেন।
একপর্যায়ে নারিন্দা কার্যালয়ের কর্মচারীরা নিজেদের মধ্যে আলোচনা করে বন্ধ লাইনটি চালু করে দেখার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী সন্ধ্যা ছয়টা ২৭ মিনিটে বন্ধ লাইনটি তাঁরা চালু করার সঙ্গে সঙ্গে লালবাগের পুরো উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঠিক ওই সময়েই প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে ঢোকেন। কারিগরি ত্রুটি চিহ্নিত না করে ত্রুটিপূর্ণ লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হলে এ রকম বিভ্রাট বা এর চেয়েও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান।