বিদ্যুৎবিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
বরগুনা ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুৎবিভ্রাটের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বরগুনায় মানববন্ধনে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রিড সাবস্টেশন স্থাপনের দাবি জানানো হয়। শহরের প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে শহরের সব ব্যবসায়ী ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অংশ নেন। পরে মিছিল নিয়ে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
সমাবেশে বক্তৃতা করেন জেলা বণিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল মোতালেব মৃধা, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন, প্রেসক্লাব সভাপতি হাসান ঝন্টু প্রমুখ।
বক্তারা বলেন, বরগুনায় পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুতের প্রায় ৩৬ হাজার গ্রাহক আছেন। ঝড়-বৃষ্টি হলেই এ এলাকায় টানা দু-তিন দিন বিদ্যুৎ থাকে না। কারণ, বরগুনায় বিদ্যুৎ আসে ৬২ কিলোমিটার দূরের পিরোজপুরের ভান্ডারিয়া থেকে। এর সরবরাহ লাইনগুলোও সেকেলে। তাই বরগুনাতে গ্রিড সাবস্টেশন করা জরুরি।
অপরদিকে মঠবাড়িয়া উপজেলা পরিষদ থেকে একটি মিছিল বের হয়। পরে দুপুর ১২টার দিকে পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির খামখেয়ালিকে দায়ী করেন। সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, মঠবাড়িয়া নাগরিক কমিটির সভাপতি মুজিবুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফ উল হক প্রমুখ।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম মোর্শেদ বলেন, ৩৩ কিলোভোল্ট বিদ্যুৎ লাইনে মোটা তার সংযোজনের কাজ চলছে। এ কারণে বিদ্যুৎ লাইন বন্ধ রেখে কাজ করতে হচ্ছে।