চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পেট্রলবোমা হামলায় সাতটি গরুর মৃত্যু ও কয়েকটি দোকান পুড়ে যাওয়ার ঘটনায় জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিকে আগুনে পুড়ে বিদ্যুতের তিনটি লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই এলাকার ১০০টি পরিবার দুদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, ২৬টি গরু নিয়ে একটি ট্রাক চট্টগ্রাম যাওয়ার পথে গত মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ফৌজদারহাট এলাকায় পৌঁছায়। এ সময় চালককে লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে থাকা আসবাবের একটি দোকানে ঢুকে পড়ে। আগুন ছড়িয়ে পড়লে আসবাবের তিনটি দোকান ও পাঁচটি ঘর পুড়ে যায়। ট্রাকে থাকা সাতটি গরু দগ্ধ হয়ে মারা যায়। কয়েকটি গরু আহত হয়। পুড়ে যাওয়া উদয়ন ফার্নিচারের মালিক উপজেলা বিএনপি আহ্বায়ক ইউনুছ চৌধুরী। ফার্নিচার হাউসের মালিক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য কালাম চৌধুরী এবং দি ট্রেডার্স সিন্ডিকেট ফার্নিচার হাউস আলাউদ্দীন সাবেরির মালিকানাধীন। ওই দিন বিকেলে ঘটনাস্থলে পুলিশ তদন্তে গেলে তাদের দেখে পালানোর সময় উদয়ন ফার্নিচারের ব্যবস্থাপক জামাল উদ্দীনকে আটক করে। পুলিশের ধারণা, ওই দোকান থেকে হরতাল-অবরোধে নাশকতার পরিকল্পনা করা হতো।
ইউনুছ চৌধুরী বলেন, ‘আমি উপজেলা বিএনপির আহ্বায়ক বলে নাশকতার দায়ভার আমার ওপর দিচ্ছে পুলিশ। এ ক্ষেত্রে আমার কিছু বলার নেই।’ তিনি আরও বলেন, ‘আমরা এমনিতে ক্ষতিগ্রস্ত। তার ওপর আমার ছেলেটাকে ধরে নিয়ে গেছে পুলিশ। থানায় জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি। আগুন লাগার ঘটনায় শুধু আমার দোকানে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।’
গতকাল সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, আটক জামাল উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়নি। ওই ঘটনায় ৬০ জনের নাম উল্লেখ করে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনার দুই দিন পরও ফায়ার সার্ভিসের তদন্ত দল কাজ শুরু করেনি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দীন বলেন, ‘তিন সদস্যের তদন্ত দলটি বিভিন্ন কারণে এখনো কাজ শুরু করতে পারেনি। দ্রুততম সময়ে কাজ শুরুর আশা করছি।’
দুদিন ধরে বিদ্যুৎ-সংযোগ বন্ধ থাকায় ওই এলাকার কমপক্ষে ১০০টি পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছে। নষ্ট হচ্ছে তাদের হিমায়িত খাদ্যদ্রব্য। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন লাইনগুলো সচল করার জন্য।
ফৌজদারহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহফুজুল হক বলেন, সরবরাহের লাইনটি আজ (গতকাল) সন্ধ্যার মধ্যে ঠিক করা সম্ভব হলে রাতে সংযোগ চালু করা হতে পারে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ-সংযোগ চালু করার চেষ্টা অব্যাহত রয়েছে। ওই ঘটনায় পিডিবির ১১ হাজার ভোল্ট, ৩৩ হাজার ভোল্ট ও ৪৪০ ভোল্টের তিনটি লাইন ক্ষতিগ্রস্ত হয়।