বিদ্যুৎবিহীন স্কুলে তালাবন্দী ল্যাপটপ ও প্রজেক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সম্পর্কে শিক্ষা দেওয়া ও মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস করানোর জন্য সরকার বিদ্যালয়টিকে ১৭টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টরসহ আনুষঙ্গিক যন্ত্র দিয়েছিল প্রায় দুই মাস আগে। কিন্তু বিদ্যালয়টিতে বিদ্যুৎ-সংযোগ নেই। মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস করানোর মতো প্রশিক্ষিত শিক্ষকও নেই। ফলে এসব ল্যাপটপ ও প্রজেক্টর বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছে। শিক্ষকেরা আশঙ্কা করছেন, দীর্ঘদিন এভাবে থাকলে ল্যাপটপগুলো নষ্ট হয়ে যাবে।
হাওরের জেলা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাজি মজিদ উল্লা পাবলিক উচ্চবিদ্যালয়ের চিত্র এটি। গত শনিবার সুনামগঞ্জ জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিদ্যালয়টিতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া যায়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র বলেছে, পুরো জেলায় মাধ্যমিক বিদ্যালয় আছে ২১৮টি (৫টি সরকারি, যার ২টি জেলা সদরে ও ২টি জগন্নাথপুরে, ১টি তাহিরপুরে)। মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১ লাখ ২১ হাজার ২৮১ জন। মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১২১টিতে মাল্টিমিডিয়ার ব্যবস্থা আছে। কিন্তু বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, অনেক বিদ্যালয়েই মাল্টিমিডিয়ায় ঠিকমতো ক্লাস হয় না। অনেক বিদ্যালয়ে প্রজেক্টরও নষ্ট থাকে।
অবশ্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, অধিকাংশ বিদ্যালয়েই মাল্টিমিডিয়া সচল আছে। তবে এটা ঠিক, কয়েকটি বিদ্যালয়ে প্রজেক্টর নষ্ট ও বিদ্যুতের সমস্যা আছে।
বিশ্বম্ভরপুর উপজেলার বিদ্যুৎবিহীন সাতগাঁও উচ্চবিদ্যালয়েও ল্যাপটপ ও প্রজেক্টর তালাবন্দী। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম প্রথম আলোকে বললেন, রমজান মাসের আগে এইচপি ব্র্যান্ডের ১৭টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ১টি প্রিন্টার ও ১টি স্ক্যানার দেওয়া হলেও সেগুলো কাজে লাগাতে পারছেন না। তাঁদের বিদ্যালয়ে স্বল্পক্ষমতার সৌরবিদ্যুৎ থাকলেও তাতে ১টি ল্যাপটপই চার্জ দেওয়া যায় না। ১টি ল্যাপটপ তিনি বাসায় চার্জ দিয়ে সচল রাখছেন। বাকিগুলো ট্রাঙ্কে ভরে রেখেছেন।
সমস্যায় জর্জরিত এক মাধ্যমিক বিদ্যালয়: হাজি মজিদ উল্লা পাবলিক উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেল, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৮৪ সালে এমপিওভুক্ত (সরকার থেকে বেতন বাবদ মাসিক অনুদানপ্রাপ্ত) হয়। কয়েকজন শিক্ষক বিদ্যালয়ের দোতলা ভবনটি দেখিয়ে বললেন, ১৯৯৫ সালে তৈরি ভবনটি এখনই নষ্ট হতে চলেছে। বৃষ্টির সময় কিছু কিছু স্থান দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ে। ছাত্রীদের খালি কমনরুম দেখিয়ে দুজন শিক্ষক বলেন, শ্রেণিকক্ষে পর্যাপ্ত বেঞ্চ-টেবিল না থাকায় এই কমনরুমের বেঞ্চগুলো শ্রেণিকক্ষে নেওয়া হয়েছে।
বিদ্যালয়টিতে বিজ্ঞান শাখা থাকলেও ব্যবহারিক শিক্ষার জন্য নেই বিজ্ঞানাগার। গ্রন্থাগার না থাকলেও আছেন এমপিওভুক্ত একজন গ্রন্থাগারিক। শিক্ষকের ১১টি পদের মধ্যে প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকের পদ শূন্য। খেলার মাঠে পানি ওঠায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ।
বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী ৬৪০ জন। এই বিদ্যালয় থেকে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় একজনও জিপিএ-৫ পায়নি। ৭৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬০ জন। জ্যেষ্ঠ শিক্ষক ফয়জুন নূর বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, এটি পিছিয়ে পড়া একটি এলাকা। শিক্ষার্থীদের বেশির ভাগই নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। ফলে পড়াশোনায় কিছু সমস্যা হয়।
কয়েকজন শিক্ষক বললেন, বিদ্যুৎ না থাকলেও রমজান মাসের আগে আগে সরকার থেকে ১৭টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর দেওয়া হয়। এগুলো আনার পর প্রথম দিন শিক্ষার্থীদের দেখিয়ে বলা হয়েছে, এগুলো ল্যাপটপ। এরপর থেকে সেগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে।
সপ্তম শ্রেণির ছাত্র রায়হান চৌধুরী বলল, সে শুনেছে ‘কম্পিউটার’ আসছে। কিন্তু দেখেনি। একাধিক শিক্ষক বললেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন বিদ্যুৎ-সংযোগের আশ্বাস দিলেও হয়নি।
জানতে চাইলে বিশ্বম্ভরপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তালুত প্রথম আলোকে বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুমের লক্ষ্যে হাজি মজিদ উল্লা পাবলিক উচ্চবিদ্যালয়সহ ৩৫টি বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। বন্যার পানি কমে গেলেই সেগুলো লাগানো হবে।