বিদ্যুৎলতা

নতুন ২০১৪ খ্রিষ্টাব্দ শুরু হওয়ার এক পক্ষ আগেই আমার বেঁচে থাকার ৭৭টি বছর শেষ হবে না। নেহাত কম না। সমবয়সী বন্ধুবান্ধব ও অসমবয়সী জ্যেষ্ঠ ও কনিষ্ঠরা যেন বড় তাড়াতাড়ি চলে যাচ্ছেন, তা নিশ্চয়ই নয়। কিন্তু বয়স হওয়ার একটা নিরিখ তো এটাও—তোমার চারদিকে মৃত্যু বেশি গুনছ, না জন্ম বেশি গুনছ। এখন শেষ রাতে বা সাতসকালে ফোন বাজলে কাঁটা হয়ে থাকি। মৃত্যু কোনো সময়ই কারও সমবয়সী নয়।
অনেক দিন বাঁচার একটা মজা এই যে যতই দিন যায়, নিজেকে ততই চেনা যায়। একেবারে নিশ্চেষ্ট চেনা যায়।
বয়স যখন সবে শুরু হয়, তখন নিজেকে চেনার কত চেষ্টাই না করে যেতে হয়। রবীন্দ্রনাথের একটি গানে আছে, ‘আপনাকে এই জানা আমার ফুরাবে না।’ এমন সাদাসিধে কথাটাকে পরের লাইনেই জটিল করে তুলেছেন অবশ্য, স্বভাববশতই—জনম-মরণ, ধারদেনা, হাটবাজার, ব্যবসা-বাণিজ্য, বেচাকেনা এই সব কথাজুড়ে। তখন মনে হতে শুরু করে, নিজেকে চেনার মতো কঠিন কাজে আমার মতো বেচারা মানুষের হাত লাগানোটাই অনুচিত। বা একটা চাণক্য-শ্লোকে ‘অব্যাপারেষু’ বলে একটি শব্দ আছে, যার বাংলা করা যায় ‘নাক-গলানো’। অন্যের ব্যাপারে নয়, নিজের ব্যাপারও অব্যাপার। তাতেও নাক-গলানো যার কর্ম, তারে সাজে।
বুড়ো হতে থাকার একটা মজা এই যে নাকটাকে নাকে রেখেই নিজের স্বভাব-চরিত্রের আসল গন্ধটা পাওয়া যায়। পাওয়া যেতেই থাকে। আসল মানে, জৈব, যা নিয়ে বাঁচা। আসল মানে, যা রাসায়নিক নয়।
আমার গল্পটা বলার জন্য, আপাতত বিপরীত তর্কটা, তর্ক না-করেই মেনে নিচ্ছি যে মানবস্বভাবে জৈবের চাইতে রাসায়নিক সারই অধিক ফলনশীল।
বিপরীত মতটা এমন অতর্ক মেনে নেওয়ার কারণ: এই মুহূর্তে আমার স্বভাব যে মানবস্বভাবেরই একটা উপাদান, এমন বড় করে ভাবলে যে ছোট ভাবনাটা আমি ভাবতে চাইছি, সেটা গুলিয়ে যাবে।
সেই ছোট ভাবনাটা কেমন তা বলে ফেললে বড় ভাবনার গ্রাস থেকে পালানো যাবে।
আমাদের আদি বাড়ি ছিল পাবনা জেলার দক্ষিণপুব সীমায় বেরা অথবা বেড়া থানার একটি গ্রাম। যমুনা নদীর পারে বাঘমারা নামে একটি গ্রামে আমার জন্ম। যমুনা ভাঙনের নদী। ওই গ্রামটিও ভেঙে যায়। আমার জন্ম ১৯৩৬ সালের পয়লা পৌষ, ১৭ ডিসেম্বর। ১৯৪৩ সাল নাগাদ আমরা বাড়িসুদ্ধ জলপাইগুড়ি চলে আসি। ওই ১৯৩৬ থেকে ’৪৩ ছয়-সাত বছর আমি বাঘমারায় থেকেছি। তারপর আমাদের বাড়ি যমুনায় ভেঙে যাওয়ায় আমরা হাজরাপাড়া গ্রামে আমার ঠাকুরদার বিধবা বোনের বিশাল জমিদার বাড়ির একটি মহলে বসবাস করি। সেই সময় আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছিল নতুন ভারেঙ্গা বলে একটি পুরোনো গ্রামে। সেই নতুন বাড়িতে আমাদের নতুন বসবাস শুরু হয়। তখন ঘনঘোর যুদ্ধ চলছে। হাজরাপাড়াতেই আমার এক ভাইয়ের জন্ম, তাই দাদু তার নাম রাখেন সমরেশ। আমার দাদু অন্ধ হয়ে গিয়েছিলেন। তাঁকে ডাকে আসা খবরের কাগজ পড়ে শোনাতে হতো। মি. চার্চিলকে আমি নিজের বুদ্ধিতে মিনিট চার্চিল বলতাম। দাদু ঠিক করে দিয়েছিলেন, মিস্টার। একদিনের কাগজের প্রথম পৃষ্ঠার ডান দিকের (পাঠকের ডান দিকের) কলমের মাথায় ছোট একটা ছবি ছাপা হয়েছিল—নিচে ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ নামটি ছাপা ছিল। তাঁর মৃত্যুসংবাদ। দাদা আর আমি আমাদের বাইরের পুকুরপাড়ের বড় মাঠে রমজানের সঙ্গে খেলছিলাম। বিকেলে। কাগজ আসায় আমাকে কাগজ পড়ে শোনাতে হলো। ‘রবীন্দ্রনাথ’ নামটি সেই আমি প্রথম পড়লাম ও শুনলাম। নিজের মুখে উচ্চারণ করলাম ও নিজের কানে শুনলাম। দাদা খেলা ছেড়ে ছুটে এল। রমজানও। রমজান মন্তব্য করল—এ তো কোনো মোল্লার ছবি। দাদু বললেন, ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি।’
তাহলে, সেটা ১৯৪১ সালের আগস্ট হতে হয়। আমার বয়স, হিসাবমতো তখন তো চার-পাঁচই হতে হয়। তারপর বছর খানেকের মধ্যে আমরা নতুন বাড়ি ছেড়ে জলপাইগুড়িতে।
নিজেকে নিয়ে আমার ছোট ভাবনাটা এই এমন বাল্যময় স্মৃতিময় জীবন আমার ৩৫ বছর বয়স পর্যন্তও আমার ভেতরে রোমন্থিত হয়নি। আমরা উদ্বাস্তু ছিলাম—জলপাইগুড়িতে আমাদের নিজেদের বাড়ি হয়নি। কিন্তু আমার মনে কোথাও উদ্বাসনের বেদনার লেশমাত্র ছিল না।
এই বুড়ো বয়সে নিজের স্বভাবচরিত্রের এই একটা জৈব গন্ধ আমি পেয়েছি। আমি স্মৃতিজীবী নই, রোমন্থনের কোনো স্বভাব আমার নেই।
১৯৭১-এ বাংলাদেশ হলো। আমি প্রথম ঢাকায় গিয়েছিলাম প্রথম সার্ক সম্মেলনে। সে-ই আমার কাল হলো। তারপর বাংলাদেশের লেখক ও বুদ্ধিজীবীরা কলকাতায় আসতেন। নাটকের দল, গানের দল। আমিও নানা উপলক্ষে টুকটাক যাচ্ছিলাম। বুঝতেই পারিনি—কখন কী ঘটে গেছে—বঁধু, কোন আলো লাগল চোখে।
এই বুড়ো বয়সে নিজের স্বভাব-চরিত্রের এই একটা জৈব গন্ধ আমি পেয়েছি। আমি কামনা-বাসনাময় আসক্ত স্বভাবের এক মানুষ। আমি বাংলাদেশে আসক্ত হয়ে গেছি।
সেই ঘোর আসক্তি ব্যাখ্যা-বিশ্লেষণ করতাম, যদি বয়স অন্তত ২০-২৫ বছর কম হতো ও নিজেকে চেনার অভিযান অব্যাহত থাকত। সেই মানসিক ব্যায়াম থেকে বিরত থাকতে এক নবীন প্রাণের সংযোগের বিদ্যুৎস্ফুরণ দরকার—যেমন পরিবারে ঘটে থাকে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রজন্মের সৃষ্টিশীল স্বাধীনচিত্ততায় আমি যেন আমার স্বক্ষেত্র খুঁজে পাই। ওই দৈব নিসর্গ ও তার মানুষজনকে নিয়ে বাংলাদেশে যে গল্প-উপন্যাস এখন লেখা চলছে, তা বর্তমান পৃথিবীর অন্য কোনো জায়গায় ঘটছে না। এমন একটি কথা বলার জন্য যেটুকু তথ্যনির্ভরতা দরকার, সেটুকু তথ্য আমার হেফাজতে আছে। বিতর্ক-উন্মুখদের সঙ্গে বিচারেও আমি প্রস্তুত। বাংলাদেশের এই লেখকদের বয়স পঞ্চাশঘেঁষা। গল্প-উপন্যাসে বাংলাদেশের এই লেখকেরা এখন দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছেন, যে নেতৃত্ব দুনিয়াকে গ্রহণ করতে হবে। কিন্তু সেই গ্রহণের ওপর ওই দৈবনির্দিষ্ট নেতৃত্বের অস্তিত্ব নির্ভর করে না। শিল্প-সাহিত্যে মহাজনকতা অধমর্ণনির্ভর নয়।
পরিসর অনুযায়ী পৃথিবীর ও কাল অনুযায়ী সভ্যতার যে শ্রেষ্ঠ বিষয় একমাত্র বাঙালিরই নিজস্ব, সেই রবীন্দ্রসংগীতের শুদ্ধতম রূপের ও গায়নের কোষাগার এখন বাংলাদেশ। শিল্পরূপের শুদ্ধতা কোনো আয়ত্তসাধ্য গুণ নয়। শুদ্ধতা ছাড়া বেঁচে থাকা যায় না যখন, তখনই শিল্পরূপের শুদ্ধতা অস্তিত্বের নোঙর হয়ে ওঠে। বাংলাদেশের গাওয়া রবীন্দ্রসংগীত অস্তিত্বের নোঙর।
বাংলাদেশের মেয়েদের যে মুক্তি ঘটেছে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। শ্রেণীনির্বিশেষ এই মুক্তি গ্রাম থেকে রাজধানী পর্যন্ত ব্যাপ্ত। একদিকে বিশ্ববিদ্যালয়ের উচ্চতম স্তরে, আর একদিকে উৎপাদন সম্পর্কে মেয়েদের জায়গা ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। সমাজের বিকাশের এ এক অভ্রান্ত নিরিখ।
বাংলাদেশ নিয়ে আমার এই অনুভবের কথা দুটো গানের গল্প দিয়ে শেষ করি।
১৯৭১-এ কলকাতায় ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সহায়ক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সমিতি’ তৈরি হয়েছিল। এমন দল-মতনিরপেক্ষ সংগঠন এর আগে বা পরে আর তৈরি হয়নি। সাহিত্যিক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন তার নেতা। একটা অনুষ্ঠান হয়েছিল ‘রবীন্দ্র সদন’-এ। কলকাতার প্রায় সব গায়ক সেখানে উপলক্ষসঙ্গত গান গেয়েছিলেন। দেবব্রত বিশ্বাস গেয়েছিলেন, ‘দ্বারে কেন দিলে নাড়া, ওগো মালিনী...’। আমার মনে হয়েছিল মুক্তিযুদ্ধে ব্যস্ত বাংলাদেশকেই আমরা বলছি, ‘কার কাছে পাবে সাড়া ওগো মালিনী’, দিচ্ছি এই উদ্বিগ্ন আশ্বাস, ‘অসীম পথের বাতি দীপশালিনী’।
অনেক দিন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আমার নিজের অনুভব এই গানের সঙ্গেই জড়িয়ে ছিল।
অনেকবার যাতায়াতে কখন যেন এই গানে জড়িয়ে থাকা আমার উদাসীনতা থেকে আমি সরে এসেছি, ‘আমার আঁধার ঘরে লেগেছে তালা’।
এখন বাংলাদেশকে নিয়ে এই গানটিকে আমি আমার করে নিয়েছি।
দেখা না-দেখায় মেলা
হে বিদ্যুৎলতা...
অরণ্য হতাশ প্রাণে
আকাশে ললাট হানে
দিকে দিকে কেঁদে ফেরে
কী দুঃসহ ব্যথা।
আমার বিদ্যুৎলতার এ ব্যথা সৃষ্টির ব্যথা।