বিদ্যুৎসংকট সমাধানে ব্যবহার বিধিমালা তৈরির পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎসংকটের স্থায়ী সমাধানে অবিলম্বে জাতীয় জ্বালানি পরিকল্পনা ও বিদ্যুৎ ব্যবহার বিধিমালা তৈরির পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।প্রতিনিধিরা বলেছেন, দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্র বিদ্যুৎসংকট নিরসনে সাময়িক সমাধানের উপায় হলেও এ প্রক্রিয়া দীর্ঘমেয়াদি করলে দেশের ক্ষতি হবে। গতকাল সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সাপ্তাহিক কাগজ আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানি: আমরা কোথায় দাঁড়িয়ে’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ‘বিদ্যুৎ সমস্যার সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্বল্প মেয়াদে সমাধানের পথ। দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনার জন্য সরকারকে নীতিমালা তৈরি করতে হবে। দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রের মাধ্যমে আমরা বিদ্যুৎ পাচ্ছি। ২০০৯ সালে ১০-১১ ঘণ্টা লোডশেডিং হতো, এখন এক ঘণ্টা লোডশেডিং হয়। গ্রাহক হিসেবে এটাই আমার দেখার বিষয়।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার নিশ্চিত করতে কয়লানীতি করতে হবে। তরল জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন কমিয়ে বায়ুবিদ্যুৎ, পানিবিদ্যুতের দিকে মনোযোগ দিতে হবে। সার্ক চেম্বার অব কমার্সের সভাপতি আনিসুল হক বলেন, ‘দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করে দেশকে সংকটের হাত থেকে বাঁচিয়েছে। শিল্পপ্রতিষ্ঠান চালু থাকায় রপ্তানি বেড়েছে। জাতীয় অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়েছে। এই বিদ্যুৎ না পেলে আমরা হয়তো অনেক পিছিয়ে থাকতাম।’পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতউল্লাহ বলেন, ‘দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মতো আত্মঘাতী প্রকল্প চালুর মাধ্যমে তৌফিক-ই-এলাহী চৌধুরী যা করেছেন, তা প্রতিরোধ করতে না পারলে দেশের ধ্বংস অনিবার্য। কোনো অত্যাচারী জমিদারের কথা যখন সরলমনা মানুষ বিশ্বাস করে, তখন খুব কষ্ট হয়। না জেনে, না বুঝেই তারা দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিকল্প ছিল না বলে একে সমর্থন করে।’সভাপতির বক্তৃতায় লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, জ্বালানি বিষয়ে গত ২০ বছরে বিদেশিদের সঙ্গে সম্পাদিত সব চুক্তির বিষয়ে জনগণকে জানাতে হবে। সরকার ও বিরোধী দল আলোচনা করে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের পথ বের করতে হবে। তবে বিশেষজ্ঞসহ সব পর্যায়ের প্রতিনিধি নিয়ে এ বিষয়ে জাতীয় কমিটি গঠন করা প্রয়োজন। সেমিনারে আরও বক্তব্য দেন এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য সেলিম মাহমুদ, পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির হায়াৎ খান, অর্থনীতিবিদ আহসান মনসুর, ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি আসিফ ইব্রাহিম, উপস্থাপক আব্দুন নূর তুষার, আর জেড পাওয়ারের হেড অব অপারেশন নাসির হাসান, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ। সঞ্চালকের দায়িত্বে ছিলেন শ্যামল দত্ত।