বিদ্যুৎসংযোগ না দেওয়ায় পড়ে আছে নতুন ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকসংকটে যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত বছর এ কমপ্লেক্সে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শেষ হয়। এ জন্য ১৯ শয্যার একটি ভবনের উদ্বোধন করা হয়। কিন্তু বিদ্যুৎ সরবরাহ না করায় ভবনটিতে চিকিৎসা কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে এখানে শয্যাসংকটের সৃষ্টি হয়েছে। ৩১ শয্যার জনবলের কাঠামো অনুযায়ী নয়জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র চারজন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে জুনিয়র কনসালট্যান্টের চারটি (গাইনি, মেডিসিন, সার্জারি ও অ্যানেসথেসিয়া), চিকিৎসা কর্মকর্তার দুটি এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা, ডেন্টাল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদ রয়েছে একটি করে। দীর্ঘদিন ধরে প্রথম চারটিসহ পাঁচটি পদ শূন্য। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অ্যানেসথেসিস্ট না থাকায় প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে এখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসা কর্মকর্তাসহ চারজন কর্মরত আছেন।বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগসংক্রান্ত একটি চিঠি গত ৩০ মার্চ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুম আলী সিভিল সার্জনের কার্যালয়ে পাঠান। ওই চিঠিতে বলা হয়েছে, এখানে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই।সিভিল সার্জন তরুণ কুমার শিকদার বলেন, সম্প্রতি চিকিৎসক নিয়োগ দেওয়ার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবকে লিখিতভাবে জানানো হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন ভবনে বিদ্যুতের সরবরাহ না থাকায় শয্যাসংকটের সৃষ্টি হয়েছে। এ কারণে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।গত ২৮ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের মহিলা ওয়ার্ডের সামনের বারান্দার মেঝেতে ১০ জন এবং পুরুষ ওয়ার্ডের সামনের মেঝেতে পাঁচজন রোগী রাখা হয়েছে। এর মধ্যে শ্বাসকষ্টের রোগী ছিল দুজন।মাসুম আলী বলেন, ‘উন্নতমানের ভবন নির্মাণ করেও স্বস্তি নেই। শুধু বিদ্যুতের সংযোগের অভাবে ভবনটি কাজে লাগানো যাচ্ছে না। বিদ্যুৎ থাকলে রোগীদের জন্য অন্তত শয্যার ব্যবস্থা করতে পারতাম।’তরুণ কুমার শিকদার বলেন, ট্রান্সফরমারের বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। নির্বাহী প্রকৌশলী আরিফুল করিম বলেন, আগামী অর্থবছরে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন দিলেই দরপত্র আহ্বান করা হবে।