বিদ্যুৎসংযোগ না পাওয়ায় কয়েকটি টিভি সম্প্রচারে আসতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বিদ্যুৎসংযোগ না মেলায় লাইসেন্স পাওয়া কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আসতে পারছে না। তবে একই সময়ে অনুমতি পাওয়া চারটি বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার করছে। বাকি যেগুলো সম্প্রচারে আসেনি, সেগুলোর এখনো সময় আছে।জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে এনামুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে ১২টি চ্যানেলকে সম্প্রচারে অনাপত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে মাই টিভি, এটিএন নিউজ, মোহনা টিভি সম্প্রচারিত হচ্ছে। কয়েকটি চ্যানেল পরীক্ষামূলক সম্প্রচার করছে।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার বেসরকারি কোনো টেলিভিশন চ্যানেলের কোনো টক শো বন্ধ করেনি। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক সরকার কর্তৃক নিহত বা নির্যাতিত হননি।এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ জানান, বর্তমান সরকারের আমলে তথ্য মন্ত্রণালয় কোনো বেসরকারি টিভি চ্যানেল বন্ধ করেনি। মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকারের আমলে যেসব বেসরকারি টিভি চ্যানেলকে নিবন্ধন দেওয়া হয়েছে, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্প্রচারকাজ চালাতে ব্যর্থ হলে অনুমতির শর্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।শাহিদা তারেখের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টিভি চ্যানেলগুলো কখনো কখনো এমন বিজ্ঞাপন বা নাটক প্রচার করে, যা গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে সরকার একটি নীতিমালা দ্রুত তৈরি করবে।জুনের মধ্যে আরও দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ: হারুনুর রশিদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, আগামী জুনের মধ্যে আরও দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে। নির্মাণাধীন এসব বিদ্যুৎকেন্দ্রের মধ্যে সরকারি খাতে ১৫৮ এবং বেসরকারি খাতে (রেন্টাল ও কুইক রেন্টাল) এক হাজার ৩৪৩ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল পৌনে পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের ব্যবহার বার্ষিক আট শতাংশ হারে বাড়লেও এর সঙ্গে সংগতি রেখে উৎপাদন বাড়েনি। ফলে গ্যাসের কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, তিন বছরের মধ্যে ২০টির অধিক কূপ খনন করার কর্মসূচি নেওয়া হয়েছে। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে এনামুল হক জানান, ২০১২ সালের ডিসেম্বর নাগাদ দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সমপরিমাণ তরল গ্যাস আমদানির জন্য সরকার কাজ করছে।বিষয়টি স্পর্শকাতর: গ্রামীণ ব্যাংকের তহবিল স্থানান্তর বিষয়ে মোশতাক আহমেদ রুহীর সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। এ কারণে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া সমীচীন বলে মনে করি না।’