বিদ্যুৎসহ ৬টি প্রকল্প একনেকে অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠক আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠক আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অতিরিক্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্য বাংলাদেশ-ভারত (ভেড়ামারা-বহরমপুর) বিদ্যমান পাওয়ার গ্রিডে সংযোগ সম্প্রসারণ কাজের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদ (একনেক)। 

পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এক হাজার ৪০৪ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালের জুন নাগাদ বিদ্যমান গ্রিড আন্তসংযোগ সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের অধীনে ১২ কিলোমিটার দীর্ঘ ভেড়ামারা-ঈশ্বরদী ২৩০ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হবে।
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠকে আজ মঙ্গলবার এ অনুমোদন করা হয়। খবর ইউএনবি ও বাসস।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান চলতি অর্থবছরের ২৪ তম একনেক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ভেড়ামারা-বহরমপুর গ্রিড সংযোগ প্রকল্পসহ মোট ছয়টি প্রকল্প বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৭৭৮ কোটি টাকা।
এম এ মান্নান জানান, এতে সরকারি অর্থায়ন ৪০ হাজার ৪৮১ কোটি টাকা, সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে দেবে ১১৭ কোটি ৭৬ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে অর্থায়ন হবে ১২ হাজার ১৭৮ কোটি টাকা।
অর্থ প্রতিমন্ত্রী জানান, এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ভেড়ামারা-বহরমপুর গ্রিড সংযোগ সম্প্রসারণ প্রকল্পে ৮৪৪ কোটি ৮৮ লাখ টাকা সরবরাহ করবে।
একনেকের এ সভায় অপর প্রকল্প ত্রিপুরা (ভারত)-কুমিল্লা দক্ষিণ সাব-স্টেশন (বাংলাদেশ) গ্রিড আন্তসংযোগ প্রকল্প অনুমোদন দিয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ৪৫ লাখ টাকা। পিজিসিবি ২০১৬ সালের জুন নাগাদ এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা পলাতনা বিদ্যুৎ কেন্দ্র কুমিল্লা বিদ্যুৎ সাব-স্টেশনে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। ত্রিপুরা (ভারত)-কুমিল্লা দক্ষিণ পাওয়ার সাব-স্টেশন ৪৩ কিলোমিটার সরবরাহ লাইন নির্মাণ করা হবে এবং এ প্রকল্পের আওতায় কুমিল্লা দক্ষিণ সাব-স্টেশনে দুটি ১৩২ কেভি সম্প্রসারণ করা হবে। প্রতিমন্ত্রী বলেন, এর ফলে বিদ্যুৎ সরবরাহ সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
একনেকে অনুমোদিত অপর প্রকল্পগুলো হলো স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কার্যক্রম (এইচপিএনএসডিপি) সংশোধিত প্রকল্প। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫১ হাজার ৮২ কোটি টাকা। ৪০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে বিসিক শিল্পনগরী, শ্রীমঙ্গল (প্রথম সংশোধিত) প্রকল্প, ৩৫ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে রৌমারী-তুরা স্থলবন্দর সড়ক নির্মাণ প্রকল্প, ৩৬ কোটি ২৪ লাখ টাকায় বাংলাদেশের নির্ধারিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেষণা প্রকল্প।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।