গণভবনে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার রাত আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল (কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প) বাল্ব প্রদানের মাধ্যমে বিনা মূল্যে সিএফএল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক এবং বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। খবর তথ্য বিবরণীর। এ প্রকল্পের আওতায় প্রথম পর্বে ৫৫ লাখ এবং পরে আরও ৫০ লাখ বাল্ব বিতরণ করা হবে। এ ছাড়া দ্বিতীয় পর্বে আরও এক কোটি ৭৫ লাখ সিএফএল বিতরণ করা হবে। কাল ১৯ জুন খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী ও নাটোর জেলায় সিএফএল বিতরণ করা হবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ বিতরণকাজ চলবে।