বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণের প্রথম পর্ব শুরু শনিবার
সরকার দেশের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিনা মূল্যে বিদ্যুৎসাশ্রয়ী (সিএফএল) বাল্ব বিতরণের যে উদ্যোগ নিয়েছে, আগামী শনিবার তার প্রথম পর্ব বাস্তবায়িত হচ্ছে। ওই দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকাসহ দেশের ২৭টি জেলার অংশবিশেষে মোট ১৮ লাখ ৩০ হাজার গ্রাহকের মধ্যে ৫৫ লাখ সিএফএল বাল্ব বিতরণ করা হবে।গতকাল বুধবার সকালে বিদ্যুৎ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো (পিডিবি, ডিপিডিসি, ডেসকো, আরইবি, ওজোপাডিকো প্রভৃতি) তাদের আওতাধীন বিভিন্ন এলাকায় কেন্দ্র স্থাপন করে বাল্ব বিতরণ করবে। এ জন্য নির্ধারিত এলাকাগুলোতে আগেই জরিপ করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাল্ব বিতরণের এ প্রকল্প বাস্তবায়ন করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতি গ্রাহককে দুই থেকে চারটি পর্যন্ত সিএফএল বাল্ব দেওয়া হবে। বিনিময়ে গ্রাহককে নিজের ব্যবহূত সমানসংখ্যক সাধারণ বাল্ব জমা দিতে হবে। সাধারণ বাল্বের বদলে এই ৫৫ লাখ বাল্ব ব্যবহার করা হলে প্রায় ৮০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। তা ছাড়া এই বাল্ব প্রতিস্থাপনের ফলে যে গ্রিনহাউস গ্যাস (কার্বন) নিঃসরণ কমবে, তার বিনিময়ে ডেনিশ সরকার বাংলাদেশকে ৬৫ লাখ ইউরো (প্রায় ৬৮ কোটি ২৫ লাখ টাকা) দেবে।আগামী বছরের মার্চ মাস নাগাদ প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়িত হলে মোট ৯০ লাখ ৮০ হাজার গ্রাহক বাল্ব পাবেন। মোট বাল্ব বিতরণ হবে দুই কোটি ৮০ লাখ। এতে বিদ্যুৎসাশ্রয় হবে অন্তত ৪০০ মেগাওয়াট। এতে কার্বন নিঃসরণ কমায় কার্বন ক্রেডিটের আওতায় প্রায় ১৬৮ কোটি টাকা পাওয়া যাবে। এই কার্বন-বাণিজ্যে মধ্যস্থতা করছে বিশ্বব্যাংক।সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যুৎসাশ্রয়ের ফলে শুধু যে বিদ্যুৎ খাতের উন্নয়ন হবে তা নয়, কার্বন নিঃসরণ কমিয়ে তা আন্তর্জাতিক জলবায়ু তহবিলের সহায়তা লাভের পথও উন্মুক্ত করবে। সংবাদ সম্মেলনে প্রকল্প উপস্থাপন করেন বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক প্রমুখ।