প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে মারা গেছেন। উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামে গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতেরা হলেন, কাজী শাহাদাত হোসেন (৪৫) ও রাসেল কাজী (২২)। ফকিরহাট থানার ওসি আনিসুর রহমান জানান, কাজী শাহাদাত হোসেন তাঁর ছেলেকে নিয়ে নিজের বোরো ধানের জমিতে যান। সেখানে তিনি বিদ্যুৎচালিত সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর ছেলে রাসেল তাঁকে ছাড়াতে যান। এ সময় রাসেলও বিদ্যুতায়িত হন। টের পেয়ে পাশের জমির কৃষকেরা সেচ পাম্পের সংযোগ বন্ধ করে তাঁদের উদ্ধার করেন। দুর্ঘটনায় কাজী শাহাদাত ঘটনাস্থলে মারা যান। রাসেলকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। বাগেরহাট প্রতিনিধি|