বিদ্যুৎস্পৃষ্ট ও ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী দক্ষিণখান ও মিরপুরের দারুস সালাম এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বনানীতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন একজন। দক্ষিণখান থেকে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে দক্ষিণখান এলাকায় লুৎফর রহমান নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। লুৎফর রহমানে স্ত্রী সেলিনা বেগম প্রথম আলোকে বলেন, সকাল আটটার দিকে দক্ষিণখানের ৪ নম্বর সেক্টরের মুনশি মার্কেট-সংলগ্ন একটি পুরোনো বাসায় তিনি কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে বাবুল নামের আরেক সহকর্মীও আহত হন। দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া পাঁচটার দিকে লুৎফর মারা যান।
মিরপুরের দারুস সালাম এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাদিসউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বনানী এলাকায় গতকাল শুক্রবার ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক মারা গেছেন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক আবদুল মজিদ বলেন, সকালে সুন্দরবন প্রভাতি ট্রেনের ধাক্কায় ওই যুবক মারা গেছেন।