বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অঙ্গহানি হচ্ছে আহতদের
রক্ষা করা গেল না তড়িৎ প্রকৌশলী ওয়াহিদ হোসেনের বাঁ পা। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকেরা তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ কেটে বাদ দেন। ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে লেগুনার ওপর বিদ্যুতের তার পড়ে ওয়াহিদসহ আট যাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট বলছে, গত ১৩ দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪৩ জন হাসপাতালে এসেছেন।
বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, বিদ্যুতের তারগুলোর রক্ষণাবেক্ষণ জরুরি। ফেলে রাখলে হবে না। নির্মাণশ্রমিকেরা অনেক সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁরা যখন কাজ করেন, তখন বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয় কি না, তাঁরা হাতে গ্লাভস পরছেন কি না, সেগুলো তদারক করা দরকার।
লেগুনায় ওয়াহিদের আরেক সহযাত্রী নুসরাতের ডান পায়ের হাঁটুর নিচের অংশ থেকে কেটে ফেলতে হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, তাঁর পায়ের আরও কিছু অংশ কাটতে হতে পারে। নুসরাতের ভাই রফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন নুসরাত লেগুনায় করে রিং রোড থেকে মোহাম্মদপুরে কোচিংয়ে যাচ্ছিলেন। মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে লেগুনাটি যাত্রী ওঠানোর জন্য থামতেই ঘটনাটি ঘটে। কৃষি মার্কেটে তাঁদের বাবা দলিলউদ্দিন আকন্দের দোকান। অনেকের আহত হওয়ার খবর শুনে দলিলউদ্দিন দোকান ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কিন্তু জানতেও পারেননি আহত ব্যক্তিদের মধ্যে তাঁর মেয়েও রয়েছেন। স্থানীয় লোকজন বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিদের নিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পৌঁছে দেন। সেখান থেকে নুসরাতকে প্রথমে রাজধানীর সিটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। শরীরের ১৯ শতাংশ পোড়া নিয়ে নুসরাত এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। রফিকুল বলেন, ‘আমার বোন এসএসসি, এইচএসসি দুটিতেই জিপিএ-৫ পেয়েছিল। ডাক্তারি পড়তে চায়। ১৮ তারিখ এমবিবিএস ভর্তি পরীক্ষা। একে পোড়ার যন্ত্রণা, অন্যদিকে পরীক্ষা না দিতে পারার ভয়। বোনটা এমন কাঁদে, সহ্য হয় না। ওর তো কোনো দোষ নেই।’ রফিকুল আরও বলেন, তাঁরা বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ বিষয়ে মামলা করতে গিয়েছিলেন। কিন্তু থানা মামলা নেয়নি।
ওয়াহিদের বন্ধু মোসাব্বের আলম বলেন, তড়িৎ প্রকৌশলী ওয়াহিদ গত নভেম্বরে চাকরিতে ঢুকেছেন। লেগুনায় তাঁর সঙ্গে ছিলেন বন্ধু মো. শিবলী নোমান। লেগুনায় তার ছিঁড়ে পড়ার পর শিবলী বেরিয়ে আসতে পেরেছিলেন। কিন্তু ওয়াহিদের বাঁ পা আটকে যায় লেগুনার পাদানিতে। বার্ন ও প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান আবুল কালাম বলেন, ‘পা না কেটে উপায় ছিল না। রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পোড়া অংশে পচন ধরেছিল। পা রেখে দিলে জীবন বাঁচানো কঠিন হতো।’
গত ৩০ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বার্ন ইউনিটের তিনটি ইউনিটে মোট ১৩৩ জন ভর্তি হয়েছেন। তাঁদের ৪৩ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। গতকাল রোববার এমন আরও তিনজনের সঙ্গে কথা হয়। তাঁদের দুজন আবদুল মতিন ও শিপলু সাভারের বাইপাইলে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। হাতের রড বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। দুজনেরই আঙুল কেটে ফেলতে হয়েছে।