বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন মিয়া (১৭) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
এর আগে ২৯ জুলাই ওই ইউনিয়নের রাজনগর গ্রামে একইভাবে তারে জড়িয়ে সুজন মিয়া (৪০) নামের এক কৃষক মারা যান।
এলাকাবাসী জানান, ওই গ্রামের তেলিপাড়া এলাকার সুলেমান মিয়ার ছেলে মামুন মিয়া একই গ্রামের মো. মুহিবুল্লাহ্ স্বপনের মাছের খামার দেখাশোনা করতেন। খামারের মালিক পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে ওই খামারে বৈদ্যুতিক সেচযন্ত্র চালাচ্ছিলেন। এ অবস্থায় গতকাল বেলা ১১টার দিকে মামুন খামারের বৈদ্যুতিক সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আলমগীর হোসেন দাবি করেন, উদ্ভূত পরিস্থিতিতে পল্লী বিদ্যুতের কর্মীদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।