বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে ঘরের বেড়া লাগানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে নবাব আলী (২৩) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের ফতেমোহাম্মদপুর রেলওয়ে কলোনির পেছনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবাব আলী তাঁর পরিবার নিয়ে কলোনির পেছনে রেলের পরিত্যক্ত জায়গায় ঘর তুলে বসবাস করছিলেন। কয়েক দিনের টানা বৃষ্টিতে তাঁর ঘরের পাশে পানি জমে যায়। নবাব গতকাল দুপুরে খালি পায়ে পানির মধ্যে দাঁড়িয়ে বেড়া লাগানোর কাজ করছিলেন। সেখানে ছিল বিদ্যুতের সার্ভিস তার ও মিটার সংযোগ। এ সময় তিনি বিদ্যুতের সার্ভিস তারে জড়িয়ে পড়েন। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নবাব পেশায় দিনমজুর ছিলেন।