বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারারক্ষীর মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে গতকাল বৃহস্পতিবার সকালে রতন খান (৩৫) নামের এক কারারক্ষী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ছাড়া রাজধানীতে আরও দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলোকে বলেন, রতন কারাগারের বাগানবাড়ি স্টাফ কোয়ার্টারে থাকতেন। সকাল নয়টার দিকে গোসল শেষে ভেজা কাপড় তারে দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে রতনকে মৃত অবস্থায় আনা হয়। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। রতনের গ্রামের বাড়ি জামালপুরের সদর উপজেলার ইছামতজল্লায়। তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন। তাঁর বাবার নাম আলী আজম খান।
দুজনের অস্বাভাবিক মৃত্যু: গত বুধবার গভীর রাতে রমনা কর্ণফুলী গার্ডেন সিটি নামে একটি বহুতল ভবনের সামনে থেকে চম্পা আক্তার (৩৫) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, চম্পা বহুতল ওই ভবনের ১৯ তলায় মিজানুর রহমান নামের এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ করতেন। বুধবার রাতে ওই বাসার বারান্দা থেকে পালানোর জন্য দড়ি বেয়ে নামার সময় দড়ি ছিঁড়ে নিচে পড়ে মারা যান। পরে রাত দুইটার দিকে রমনা থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, মিজানুর রহমান সপরিবারে বুধবার রাতে চম্পাকে বাসায় রেখে বাইরে থেকে তালা মেরে বেড়াতে যান। রাত একটার দিকে তিনি তালা খুলে বাসায় ঢুকতে গিয়ে ভেতর থেকে ছিটকিনি লাগানো পান। পরে তিনি রমনা থানায় জানালে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহকর্মীকে খুঁজে পায়নি। পরে বারান্দায় গিয়ে উঁকি মেরে নিচে পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে মুগদা ৫০০ শয্যা হাসপাতালের কাছ থেকে এক পথচারী অজ্ঞাত ব্যক্তিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সারা শরীরে আঘাতের চিহ্ন। পরনে ছিল খয়েরি রঙের জ্যাকেট ও চেক লুঙ্গি। বয়স আনুমানিক ৪৫ বছর। পরে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের মর্গে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।