বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি কর্মকর্তার মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত গ্রামে গতকাল শনিবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট আকতার হোসেন বিশ্বাস (৫৫) নামের এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে।আকতার ওই গ্রামের প্রয়াত হামিদ বিশ্বাসের ছেলে এবং সিঙ্গাইর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি উন্নয়ন কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানান, গতকাল ফজরের নামাজ শেষে আকতার বাড়ির পাশের একটি মসজিদে বাল্ব লাগাচ্ছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন তিনি। প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।