বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ প্রথম আলোর আলোকচিত্রী জাহিদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদুল করিম
জাহিদুল করিম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে পুড়ে গেছেন প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জাহিদুল করিম। গতকাল বিকেল চারটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের ছাদে উঠে ছবি তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।জাহিদুলকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর জীবন-সংশয় নেই। তবে শরীরের ১৭ ভাগ পুড়ে গেছে। তাঁর ডান হাতের বেশির ভাগ, দুই পায়ের কিছু অংশ মারাত্মকভাবে পুড়েছে। গলা, মুখও হালকা পুড়ে গেছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পড়ে গিয়ে তিনি মাথার পেছনে আঘাত পেয়েছেন। সেখান থেকেও রক্তক্ষরণ হয়েছে। মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছেন।দুর্ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী তোফায়েল হোসেন ও অঘোর বাগমার তাঁকে উদ্ধার করেন। তাঁরা জানান, মসজিদ মার্কেটের পাশ দিয়েই গেছে বিদ্যুতের ৩৩ হাজার কিলোভোল্টের সরবরাহ লাইন। এর আগেও সেখানে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।অঘোর বাগমার বলেন, জাহিদুল ছাদে ওঠার পর তিনি একটি আলোর ঝলকানি দেখতে পান, সঙ্গে বিস্ফোরণের মতো শব্দ। একই শব্দ পেয়ে তোফায়েল তিনতলা ভবনটির ছাদে উঠে দেখেন, ছাদে পড়ে রয়েছেন জাহিদুল। এরপর তিনি লোকজন ডেকে তাঁকে ছাদ থেকে নামান। মুঠোফোনের নম্বর নিয়ে সহকর্মীদের খবর দেন। তাঁরা গিয়ে তাঁকে ঢাকায় নিয়ে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুলের সঙ্গে থাকা ক্যামেরাটিও পুড়ে কুঁচকে গেছে।