বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রোববার রাজীবপুর ইউনিয়নের ভাটিরচর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর মা অভিযোগ করেছেন, মিনাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই গ্রামের আবদুল হোসেনের মেয়ে মিনা আক্তারের সঙ্গে একই গ্রামের কিতাব আলীর ছেলে মজিবুর রহমানের বিয়ে হয়। রোববার বিকেলে মিনা গোসলখানার মধ্যে বিদ্যুৎ-চালিত মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় নলকূপের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান তিনি। ঘটনাস্থলেই মিনা মারা যান।
মিনার মা মালেকা বেগম অভিযোগ করেন, মিনাকে তাঁর স্বামীর পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছেন। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মিনার পরিবার অভিযোগ করায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। গতকাল লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।