বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মীর মৃত্যু
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) বিতরণ লাইনে মেরামতকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। চারজনই ডেসকোর ঠিকাদারি প্রতিষ্ঠান সানরাইজের কর্মচারী।
ডেসকো ঠিকাদারদের মাধ্যমে এসব কাজ করিয়ে থাকে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আবুবকর ও আবদুল্লাহ আল মামুন। আর আহত দুজন হলেন তৈয়ব আলী ও আওলাদ হোসেন।
আওলাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। আর তৈয়ব সামান্য আহত হয়েছেন।
ডেসকো সূত্র জানায়, ডেসকো উত্তরা পশ্চিম অঞ্চলের গাউসুল আজম অ্যাভিনিউতে তারা লাইন মেরামতের কাজ করছিল। নিয়ম অনুযায়ী এই কাজ করার সময় কন্ট্রোল রুম থেকে লাইন বন্ধ রাখা হয়। কিন্তু দুর্ঘটনার কিছুক্ষণ আগে কন্ট্রোল রুম থেকে লাইন মেরামতকারীদের কাছে কাজ শেষ করতে আর কতক্ষণ সময় লাগবে তা জানতে চাওয়া হয়। তখন মেরামতকারীরা ১০ মিনিটের মতো সময় লাগবে বলে জানান। ১০ মিনিট পর আবার কন্ট্রোল রুম থেকে যোগাযোগ না করেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
নিয়ম অনুযায়ী চালু করার আগে আবারও দুই পক্ষের মধ্যে যোগাযোগ অপরিহার্য ছিল। কিন্তু তা না হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে ডেসকো উত্তরা পশ্চিম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আখিরুল ইসলাম জানিয়েছেন।