বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল শনিবার তিনজন মারা গেছেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুরে মগবাজার এলাকায় জনতা ব্যাংক শাখা ভবনের বাইরে দোতলায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের কাজ করছিলেন এক মেরামতকারী। তাঁর সহযোগী হিসেবে ছিলেন মো. রাসেল (১৮) নামের এক তরুণ। কাজ করার সময় হঠাৎ দোতলা থেকে ছিটকে পাশের একটি বিলবোর্ডের ওপর গিয়ে পড়েন রাসেল। বিলবোর্ডেই তিনি আটকে ছিলেন। পরে বিদ্যুৎ বন্ধ করে তাঁকে সেখান থেকে নামানো হয়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর বিলবোর্ডে গিয়ে পড়ে ওই তরুণ মারা গেছেন।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বনানী ৪ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন নির্মাণশ্রমিক মো. মাসুদ (৩০)। ভবনে যত্রতত্র পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা যান বলে জানা গেছে। মাসুদ মহাখালী এলাকায় থাকতেন।
রাজধানীর তুরাগ থানার বামনার টেকে গতকাল দুপুরে আবদুল মালেক (৩০) নামের এক রিকশাচালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। রিকশা ওয়েল্ডিং করার সময় এ ঘটনা ঘটে বলে জানান তুরাগ থানার এসআই নজরুল ইসলাম। নিহতের বাড়ি সিরাজগঞ্জে।
আত্মহত্যা: মিরপুর থানার এসআই মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে কল্যাণপুর ৮ নম্বর পোড়া বস্তিতে ফেলানি (৩০) নামের এক নারী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। স্বামী শাহজাহানের সঙ্গে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে। ফেলানি ভিক্ষাবৃত্তি করতেন।