বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু ও দুই শ্রমিকের মৃত্যু
গাজীপুর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু ও দুই পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ভবানীপুর এলাকায় মোহাম্মদীয়া সোয়েটার কারখানার শ্রমিক জিয়াউর রহমান (২২) ও ফজলুর রহমান (৩০) এবং ভোগড়া বাইপাস সড়কসংলগ্ন পেয়ারাবাগান এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. বোরহান উদ্দিন (১০)। জিয়াউর ও ফজলুর রহমানের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। বোরহানদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মাহমুদপুর এলাকায়। তারা সদরের ভোগড়া বাইপাস সড়কসংলগ্ন পেয়ারাবাগান এলাকার লুৎফর রহমানের বাসায় ভাড়া থাকত। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোজায়েত হোসেন জানান, বাড়ির মালিক লুৎফর দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। বেলা দেড়টার দিকে তাঁর বাড়ির পাশে একটি নালার ওপর দিয়ে নেওয়া ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু বোরহান। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘটনার পরপর লুৎফর ও তাঁর বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন। অন্যদিকে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, ভবানীপুরে মোহাম্মদীয়া সোয়েটার কারখানার শ্রমিক জিয়াউর ও ফজলুর গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে লোহার ট্রলি নিয়ে কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।