বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ঘটনা তদন্তে কমিটি গঠন
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের নন্দতেঘরী গ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক বেদারুল ইসলামের (৩০) মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বগুড়ার পল্লী বিদ্যুতের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ডি এ জে শামসুদ্দিন বলেন, গত শুক্রবার বিকেলে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে উপজেলা পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, নিহত ব্যক্তি রাজশাহীর জিএম ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। তাঁর বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়। তিনি গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দতেঘরী গ্রামের পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে কাজ করার সময় আকস্মিক বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান।
এ ব্যাপারে শেরপুর পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাশফিকুল হাসান বলেন, অসাবধানতার কারণে ওই শ্রমিকের মৃত্যু ঘটেছে। প্রকৃত ঘটনা তদন্ত কমিটির প্রতিবেদনে বেরিয়ে আসবে।