বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার খিহালী মধ্যপাড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই গ্রামের জাবেদ আলী (৪৫) একটি ধানখেতের আইল থেকে ঘাস কাটছিলেন। এ সময় গভীর নলকূপের সংযোগ দেওয়া বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। এদিকে জাবেদের ঘরে ফিরতে দেরি হওয়ায় তাঁর স্ত্রী কমলা বেগম মাঠে গিয়ে স্বামীকে পড়ে থাকতে দেখেন। স্বামীকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী রেজাউল করিম তালুকদার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মারা যাওয়ার কথা শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।’
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।