বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার তিন ছাত্রী মারা গেছে। আহত হয়েছে একই মাদ্রাসার আরও অন্তত ১৬ শিক্ষার্থী। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ছাত্রীদের সবারই বয়স ১৫ বছরের নিচে।
গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের তমিজউদ্দিন চকদার শিশুসদন ও মহিলা হাফেজিয়া মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীরা হলো শ্রীরামপুর গ্রামের আবদুর রহিমের মেয়ে সাদিয়া (১৪), দুর্গাপুর গ্রামের আলম হোসেনের মেয়ে নাদিয়া (১২) ও মিম (১৩)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গণেশপুর ইউনিয়নের সতীহাট বাজারে আবাসিক ওই মহিলা মাদ্রাসার অবস্থান। টিনশেডের দোতলা মাদ্রাসা ঘরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের প্রধান লাইন চলে গেছে। বহু দিন ধরে টিনের সঙ্গে ঘর্ষণের ফলে তারের আবরণ উঠে গিয়ে গতকাল মাদ্রাসা ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিকেলে আসরের নামাজ পড়তে ছাত্রীরা মাদ্রাসার দোতলা থেকে সিঁড়ির লোহার রেলিং ধরে নামতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় আহত হয় অন্তত ১৬ জন।
খবর পেয়ে এলাকার শত শত লোক ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ছাত্রীদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তিন ছাত্রী। আহত ছাত্রীদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ছাত্রীদের মধ্যে তাৎক্ষণিকভাবে যাদের নাম জানা গেছে তারা হলো দুর্গাপুর গ্রামের মোসলেম আলীর মেয়ে জয়নব (১৫), গঙ্গারামপুর গ্রামের সামসুল আলমের মেয়ে শামীমা (১৪), গোদাগাড়ী গ্রামের নেকাব্বরের মেয়ে সাদিয়া (১৩), ময়নব আদর্শ গ্রামের সামসুলের মেয়ে খোদেজা (১০), রামরামপুর গ্রামের কাওসারের মেয়ে জান্নাতুন (১৩), সতীহাট গ্রামের হারুনুর রশিদের মেয়ে সাদিয়া (১২), ওয়াজেদ আলীর মেয়ে বৃষ্টি (১২) ও সুজনের মেয়ে আঁখি (১৫)।
গণেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বলেন, মাদ্রাসার দোতলা থেকে ওঠানামার সিঁড়ির রেলিং যেসব শিক্ষার্থী স্পর্শ করেছে তারাই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এ ঘটনায় মাদ্রাসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চেয়ারম্যান জানান, এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসাটি ১০ বছর ধরে পরিচালিত হচ্ছে। আবাসিক এ মাদ্রাসাটিতে এক শর বেশি ছাত্রী লেখাপড়া করছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনোরঞ্জন মণ্ডল বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সেখানে আহত ১৬ শিশুশিক্ষার্থীকে ভর্তি করা হয়। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। হাসপাতালে আসা বেশির ভাগ শিশুই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) খোরশেদ আলম জানান, তিনজন ছাত্রী মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।