বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা
নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার তিন শিক্ষার্থীর মৃত্যু হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী আবদুস সালাম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনা তদন্তে গত বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁরা হলেন উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট ইউনিয়নের আশরাফুল ইসলাম (৫০), তাঁর স্ত্রী আসমা বেগম (৪০), জামাতা মোস্তফা (২৫) ও মেয়ে আশা খাতুন (২০)। এঁদের বিরুদ্ধে অবৈধ সংযোগ ও বিদ্যুৎ চুরির অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম প্রায় দুই বছর আগে থেকে পল্লী বিদ্যুতের প্রধান লাইন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন নিয়ে চাল কল চালিয়ে আসছিলেন। ওই লাইন নেওয়া হয় মাদ্রাসা ঘরের ওপর দিয়ে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, অবৈধ বৈদ্যুতিক লাইনের সত্যতা পাওয়া গেছে।