বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনন্দ মোহনের প্রাক্তন ছাত্রের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুবুল আলম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার মাস্কা ইউনিয়নের দক্ষিণমাস্কা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুবুল এ বছর ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ থেকে স্নাতকোত্তর (এমএসএস) পরীক্ষায় অংশ নিয়ে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়, দক্ষিণমাস্কা গ্রামের কবিরউদ্দিনের ছেলে ও ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের প্রাক্তন ছাত্র মাহাবুবুল আলম গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে বৈদ্যুতিক সেচযন্ত্রের লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহপাঠীরা জানান, মাহবুবুল এ বছর ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস)পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সম্প্রতি প্রকাশিত ফলাফলে তিনি দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হন।
মাহবুবুলের সহপাঠী ফজলে রাব্বী বলেন, ‘মাহাবুবুল খুবই অমায়িক ছিল। বন্ধুদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকত। এভাবে তার অকাল মৃত্যু হবে, তা ভাবতেই পারিনি।’