বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলায় গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বাবা ও মা।সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দিনাদুলি গ্রামের ষষ্ঠিরানী রায় গতকাল সকালে বাড়ির পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার চিৎকারে বাবা সুধীর চন্দ্র রায় ও মা জ্যোতি রানী রায় এগিয়ে এলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ষষ্ঠিরানী রায় মৃত্যুবরণ করে। ষষ্ঠিরানী রায়ের বড় ভাই স্বপন কুমার রায় অভিযোগ করেন, একই এলাকার আজম খান গাছ কাটতে গেলে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এরপর আজম খান কাউকে কিছু না জানিয়ে তার শুকনা বাঁশ দিয়ে সুধীর চন্দ্র রায়ের পুকুরের পানিতে ফেলে দেন। সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয় ষষ্ঠিরানী। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা করা হবে।লালমনিরহাট সদর থানার ওসি মো. জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।