বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগের তারে জড়িয়ে ওহিদুল খলিফা (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওহিদুল খলিফা ওই গ্রামের মাজেদ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেড় বছর আগে দেশে ফিরে আসেন। তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকেন্দার আলী খলিফা বলেন, বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওহিদুল। বাঁশঝাড়ের ভেতর দিয়ে পল্লী বিদ্যুতের একটি অবৈধ সংযোগ নেওয়া হয়েছিল। ওই বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন ওহিদুল। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ফরিদপুর পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক রাম শংকর রায় বলেন, ‘পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগের তারে জড়িয়ে ওহিদুল খলিফার মৃত্যুর খবর আমার জানা নেই। এ ধরনের অবৈধ সংযোগের তথ্য পাওয়ামাত্র আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দিই। এ ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।’