বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
বগুড়ার ধুনট পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ শনিবার আবু বকর (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ধুনট পৌরসভা এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের হজরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ভরণশাহী গ্রামের জামে মসজিদ থেকে আইয়ুব আলী নামের এক ব্যবসায়ী তাঁর বাড়িতে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়েছেন। ওই বিদ্যুতের তার ছিঁড়ে ধানের জমির মধ্যে পড়ে যায়। আজ দুপুরে আবু বকর ধানের জমিতে সেচ দিতে গেলে পানিতে ডুবে থাকা ছেঁড়া তারে অসাবধানতাবশত তাঁর পা লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে ধুনট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) বিজয় চন্দ্র কুণ্ডের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ওই ব্যবসায়ী মসজিদ থেকে অবৈধ সংযোগ নিয়েছেন। আগামীকাল আমরা সেখানে গিয়ে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেব।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবু বকরের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।