বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা এলাকায় গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে খালের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
এই তিনজন হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল মান্নান (২৪), তাঁর ছোট ভাই মোহাম্মদ হান্নান (২০) ও তাঁদের চাচা মোহাম্মদ নুর (২৮)।
পুলিশ জানায়, আবদুল মান্নানের অটোরিকশায় করে তাঁর ছোট ভাই আবদুল হান্নান ও চাচা মোহাম্মদ নুর কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক যাচ্ছিলেন। এ সময় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের সুলতান ভান্ডার মাজার গেটসংলগ্ন কালভার্টের কাছে দাঁড়ানো একটি অটোরিকশাকে আরেকটি অটোরিকশা ধাক্কা দিলে তাঁদের অটোরিকশাটি খালে পড়ে যায়। বিদ্যুতের ছেঁড়া তারে খালের পানি বিদ্যুতায়িত হয়ে ছিল। তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।