বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার মুক্তারকাঠি গ্রামে আজ শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত হোসেন (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। শওকত উপজেলার মুক্তারকাঠি গ্রামের নুরুল হকের ছেলে। তিনি কাউখালীর কেবল ব্যবসায়ী ছিলেন।

হাসপাতাল ও পারিবার সূত্রে জানা গেছে, দুপুরে শওকত মুক্তারকাঠি গ্রামের হাতেম আলীর বাড়িতে ডিস লাইনের সংযোগ দিতে যান। এ সময় তিনি ঘরের টিনের চালের ওপর উঠে সংযোগ লাগাতে গিয়ে ঘরের পাশের বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, শওকত হোসেনকে দুপুর ১২টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।