বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম রফিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার পুরান টেপরী গ্রামের আবদুর রহমানের ছেলে। রফিকুল পুরান টেপরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুরান টেপরী গ্রামের সারোয়ার হোসেনের বাড়ি থেকে একই গ্রামের ভোলা মিয়া নিজ বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলেন। গতকাল ঝোড়ো বাতাসে তারটি ছিঁড়ে পড়ে। এ সময় ওই পথ দিয়ে রফিকুল ইসলাম যাওয়ার সময় ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জুলফিকার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ সংযোগটি অপসারণ করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।