বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু, দগ্ধ দুজন
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাড়িতে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ও দুজন দগ্ধ হয়েছেন। নির্মাণাধীন বাড়ির ছাদে রড তোলার সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তির নাম পলাশ। আহত ব্যক্তিরা হলেন পলাশের ভাই মো. হুমায়ূন ও প্রতিবেশী জাহাঙ্গীর।
হতাহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন আরেক প্রতিবেশী আবু বকর সিদ্দিক। তিনি প্রথম আলোকে বলেন, বাবর রোডের যে বাড়িতে ঘটনাটি ঘটেছে, সেটির দোতলার কাজ কদিন আগে শেষ হয়েছে। কাজ শেষে কিছু রড অব্যবহৃত থেকে যায়। রডগুলো চুরি হয়ে যেতে পারে—এই আশঙ্কায় দুই ভাই হুমায়ূন ও পলাশ সেগুলো বাসার ছাদে তুলছিলেন। ছাদে রাখার সময় রড বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির পাশের চা-দোকানি তাঁদের উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই পলাশ মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, জাহাঙ্গীরের শরীরের ৩৫ ভাগ ও হুমায়ূনের ১৫ ভাগ পুড়ে গেছে।